ঢাকার নবাবগঞ্জে ২৪ বছর আগে এক তরুণীকে দলবদ্ধধর্ষণের ঘটনায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. এরশাদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডিত আসামিরা হলেন সুজন, জুলহাস ও মোহাম্মদ। রাষ্ট্রপক্ষের আইনজীবী এরশাদ আলম জানান, আদালত প্রত্যেক আসামিকে এক লাখ টাকা করে জরিমানা করেছেন। এই অর্থ অনাদায়ে তাঁদের আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। রায়ে আদালত নির্দেশ দিয়েছেন, দণ্ডিত আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি বিক্রি করে জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী বা তাঁর পরিবারকে দেওয়ার জন্য জেলা ম্যাজিস্ট্রেট প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।
রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে উপস্থিত ছিলেন আসামি সুজন ও মোহাম্মদ। তাঁদের সাজা পরোয়ানা দিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। তবে অপর আসামি জুলহাস পলাতক থাকায় তাঁর বিরুদ্ধে সাজা পরোয়ানার পাশাপাশি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত।
মামলার এজাহার অনুযায়ী, ঘটনাটি ঘটে ২০০২ সালের ২২ মার্চ রাতে। এই ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে নবাবগঞ্জ থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে ওই বছরের ১৮ জুলাই তিন আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে নবাবগঞ্জ থানা-পুলিশ। পরবর্তীতে আদালত অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন। বিচার প্রক্রিয়ায় মোট সাতজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।