বিশ্বকাপ ফাইনালের আগে আর্জেন্টিনার ড্রেসিংরুমে লিওনেল মেসির একটি আচরণ এখন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে। একটি ভাইরাল ভিডিওতে দেখা গেছে, মাঠের লড়াইয়ে নামার আগে সতীর্থদের প্রতি বিশেষ বার্তা দিয়েছেন অধিনায়ক মেসি।

আর্জেন্টাইন সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে আবেগঘন বার্তা দেওয়ার পর ড্রেসিংরুম থেকে বের হওয়ার সময় সতীর্থদের কিছু কথা বলেন মেসি। টিওয়াইসি স্পোর্টসের বরাতে জানা গেছে, ভিডিওতে মেসি তার সতীর্থদের উদ্দেশ্য করে বলছেন, ‘সবাই শান্ত হও। আসল বিষয় হলো আমাদের শান্ত থাকতে হবে।’ তবে এর পরবর্তী কথাগুলোই বেশি আলোড়ন তুলেছে। মেসি বলেন, ‘এসো সবকিছু ভুলে যাই। আমরা শুধু খেলি। চলো শুধু খেলায় মন দিই।’

ভিডিওতে দেখা যায়, মেসির কথা বলার সময় এনজো ফার্নান্দেজ ও এমিলিয়ানো মার্তিনেজসহ বাকি সতীর্থরা শান্ত ছিলেন। তবে ৩৯ বছর বয়সী এই তারকা ঠিক কী ভুলে যাওয়ার কথা বলেছিলেন, তা নিয়ে রহস্য রয়ে গেছে। ধারণা করা হচ্ছে, ফাইনালের আগে রেফারিং নিয়ে স্পেনের পক্ষ থেকে তোলা অভিযোগের মুখে পড়েছিল আর্জেন্টিনা দল, যার প্রভাব হয়তো সতীর্থদের মনে ছিল।

স্পেনের ডিফেন্ডার এমেরিক লাপোর্ত ফাইনালের আগে অভিযোগ করে বলেছিলেন, ‘সাম্প্রতিক ম্যাচগুলোয় রেফারিং নিয়ে এমন কিছু ঘটনা দেখেছি, যা সত্যিই বিস্মিত করেছে। কিছু ঘটনায় কোনো শাস্তিই দেওয়া হয়নি, বিশেষ করে আর্জেন্টিনার ক্ষেত্রে। তারা প্রতিপক্ষের ওপর প্রবল চাপ সৃষ্টি করে। ফুটবলে, বিশেষ করে এত বড় প্রতিযোগিতায় এসব কখনোই অনুমোদন করা উচিত নয়। কারণ, এতে প্রতিপক্ষের মনোযোগ নষ্ট হয় এবং হতাশা তৈরি হয়।’

নিউ জার্সিতে অনুষ্ঠিত ওই ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরেছে আর্জেন্টিনা। এই জয়ের মাধ্যমে ১৬ বছর পর বিশ্বকাপ শিরোপা পুনরুদ্ধার করল স্পেন। ম্যাচে রেফারিং নিয়ে বিতর্ক না থাকলেও শেষ বাঁশির পর দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফদের মধ্যে সংঘর্ষ বাধে। এই অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে তদন্ত শুরু করেছে ফিফা।