গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে কৌশলে হাতকড়া খুলে পালিয়ে গেছেন ডাকাতি মামলার এক আসামি। গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটে।

পলাতক আসামির নাম সম্রাট হোসেন (২৭)। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তবে তিনি গাজীপুর মহানগরের গাছা থানার তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করতেন বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সদর মেট্রো থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার সম্রাটকে সোমবার বেলা আড়াইটার দিকে আদালতে হাজির করার জন্য হাজতখানা থেকে বের করা হয়। বিচারিক কার্যক্রমের জন্য এজলাসের দিকে নিয়ে যাওয়ার সময় তিনি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যান।

ঘটনার পরপরই দায়িত্বরত পুলিশ সদস্যরা সম্রাটকে ধাওয়া করে, তবে তাকে আটক করতে সক্ষম হয়নি। বিষয়টি জানাজানি হওয়ার পর আশপাশের এলাকায় তল্লাশি জোরদার করার পাশাপাশি সম্ভাব্য বিভিন্ন স্থানে অভিযান শুরু করেছে পুলিশ।

গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "সম্রাটের বিরুদ্ধে গাজীপুরসহ দেশের বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা আছে। তাঁকে গ্রেপ্তারে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান চালানো হচ্ছে।"