সংসদে গণভোটকে প্রতারণা বলা বিএনপির রাজনৈতিক অসততা ও শঠতা বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)।

সোমবার (২০ জুলাই) দুপুরে ইসলামী আন্দোলন বাংলাদেশের পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের জরুরি সভায় এ কথা বলেন তিনি।

সভাপতির বক্তব্যে চরমোনাই পীর বলেন, বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের প্রেক্ষাপট তৈরি হয়েছিল জনরায়কে অবজ্ঞা করার কারণে। চব্বিশের গণ-অভ্যুত্থানের পাটাতনও নির্মিত হয়েছে জনরায়কে উপেক্ষা করার কারণে। ইতিহাস সাক্ষী, জনরায় উপেক্ষা করার পরিণতি কখনও ভালো হয় না। গণভোটের রায় বাস্তবায়ন করুন।

আইনি মারপ্যাচ, কথার ফুলঝুরি ও রাজনৈতিক স্বার্থ বিবেচনায় গণভোটের রায় উপেক্ষা না করার আহ্বান জানান তিনি।

ইসলামী আন্দোলনের আমির বলেন, জুলাই সনদে বিএনপিসহ সবাই স্বাক্ষর করেছে। সেই সনদের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, ২০২৫ জারি করে গণভোট অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনের আগে বিএনপি একবারের জন্যও গণভোটের বিপক্ষে কথা বলেনি। বরং বর্তমান প্রধানমন্ত্রী নিজেও একাধিকবার গণভোটে ‘হ্যা’ এর পক্ষে প্রচারণা করেছেন।

বিএনপির শীর্ষ নেতাদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, রাজনীতিতে অসততা ও শঠতা করবেন না। বরং গণরায়কে সন্মান জানিয়ে এবং নির্বাচনের আগে নিজেদের রাজনৈতিক অবস্থানের প্রতি অবিচল থেকে গণভোটের রায় বাস্তবায়ন করুন। এতে নেতা হিসেবে আপনারা, দল হিসেবে বিএনপি এবং রাষ্ট্রের সবাই উপকৃত হবে।

সভায় উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, যুগ্ম মহাসচিব প্রকৌশলী মুহাম্মদ আশরাফুল আলম, হাফেজ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, শাহ ইফতেখার তারিক, নেহার উদ্দিন, সহকারী মহাসচিব মুফতি সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের, কে এম আতিকুর রহমান, হাফেজ মাওলানা শেখ ফজলুল করীম মারুফ, দফতর সম্পাদক মাওলানা লোকমান হোসেন জাফরী প্রমুখ।