নেত্রকোনার পূর্বধলায় বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখতে রাতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার ভোরে বাড়ির পাশের একটি পুকুর থেকে স্থানীয়রা তাঁর লাশ উদ্ধার করেন।
নিহত আবদুল হামিদ (৭৩) পূর্বধলা উপজেলার বহুলী মধ্যপাড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন কৃষক ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রোববার রাত ১১টার দিকে কিছু কেনাকাটার উদ্দেশ্যে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে বহুলী বাজারের দিকে রওনা হন আবদুল হামিদ। যাওয়ার সময় তিনি পরিবারের সদস্যদের জানান, বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা দেখে বাড়ি ফিরবেন। তবে খেলা শেষে দীর্ঘ সময় বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা তাঁর খোঁজ করতে থাকেন। সোমবার ভোরের দিকে আতিক মিয়া নামের এক ব্যক্তি বহুলী বাজার থেকে বাড়ি ফেরার পথে একটি পুকুরে বড় কিছু ভাসতে দেখেন। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা সেখানে গিয়ে মরদেহটি দেখতে পান। খবর পেয়ে আবদুল হামিদের ছেলে জজ মিয়া ঘটনাস্থলে গিয়ে তাঁর বাবার লাশ শনাক্ত করেন। এরপর সকালে প্রতিবেশীদের সহায়তায় মরদেহটি উদ্ধার করে বাড়িতে আনা হয়।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে। তিনি বলেন, "আবদুল হামিদের শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি।"
ওসি আরও জানান, "স্বজনদের কোনো অভিযোগ না থাকায় তাঁদের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।"
পুলিশের ধারণা, বাড়ি ফেরার পথে বৃষ্টিতে রাস্তা পিচ্ছিল থাকায় তিনি পুকুরে পড়ে গিয়ে মারা যেতে পারেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।