জামায়াতে ইসলামীকে ইঙ্গিত করে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘ইসলামের নামে অনেকগুলো দল একত্রে চলতে পারে না। একই ইসলাম আমি বলি, আরেকজন একই ইসলাম বলবে, মানুষ যাবে কোথায়? ইসলামের নামে যে ভেতরে ধোঁকাবাজি, সেটা নির্বাচনের আগে স্পষ্ট ছিল না।’
সোমবার বিকেলে নারায়ণগঞ্জ শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত ইসলামী আন্দোলনের নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। চরমোনাই পীরের দাবি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ছাড়া অন্যরা ইসলামের নাম ব্যবহার করলেও প্রকৃত ইসলামি দল হিসেবে নিজেদের পরিচয় দেওয়ার নৈতিক শক্তি তাদের নেই।
বক্তব্যের এক পর্যায়ে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক সহিংসতা ও দুর্নীতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। তিনি প্রশ্ন করেন, ‘আর কত দিন মায়ের কান্না শুনতে হবে, সন্তান গুলিবিদ্ধ হবে, স্ত্রী স্বামীকে হারাবে, নিরপরাধ মানুষ মিথ্যা মামলায় হয়রানির শিকার হবে। আর কত দিন দেখব আমাদের দেশের টাকাগুলো বিদেশে পাচার হবে। আর কত দিন মানুষ পাখির মতো রাস্তায় মরবে?’
সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত মাওলানা গাজী আতাউর রহমান উল্লেখ করেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো অপশক্তির সঙ্গে আপস করেনি। সত্য ও ন্যায়ের পক্ষে দলটি অতীতেও ছিল এবং এখনো আছে বলে তিনি দাবি করেন।
দলের নারায়ণগঞ্জ জেলা সভাপতি মাওলানা দ্বীন ইসলামের সভাপতিত্বে এই সম্মেলনে বিশেষ বক্তা হিসেবে কথা বলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মাওলানা আরিফুল ইসলাম এবং মহানগর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মো. সুলতান মাহমুদ ও জেলা সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীর কবির। অনুষ্ঠানে কেন্দ্রীয় শুরা সদস্য আতিকুর রহমান ওরফে নান্নু মুন্সিসহ জেলা, থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সম্মেলনের এক পর্যায়ে চরমোনাই পীর ২০২৪-২০২৬ মেয়াদের জেলা ও মহানগর কমিটি বিলুপ্ত করে ২০২৬-২০২৮ মেয়াদের নতুন কমিটি ঘোষণা করেন। নতুন কমিটিতে নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন মাওলানা দ্বীন ইসলাম, সহসভাপতি মুফতি মাসুম বিল্লাহ এবং সেক্রেটারি মো. সুলতান মাহমুদ। অন্যদিকে, নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি হিসেবে মো. আব্দুর রশিদ, সহসভাপতি ফারুক আহমেদ মুন্সি এবং সেক্রেটারি হিসেবে মাওলানা শিব্বির আহমদের নাম ঘোষণা করা হয়।