‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ স্লোগানকে সামনে রেখে মুক্তকণ্ঠের আয়োজনে এবং ডিজিটাল শিক্ষা প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এ বছরও অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘শিখো-মুক্তকণ্ঠ জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬’।
এই বিশেষ আয়োজনের ভেন্যু সহযোগী হিসেবে যুক্ত হয়েছে কনকর্ড গ্রুপ। এই লক্ষ্যে আজ সোমবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত মুক্তকণ্ঠ কার্যালয়ে কনকর্ড গ্রুপের সঙ্গে মুক্তকণ্ঠের একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। চুক্তিতে মুক্তকণ্ঠের পক্ষে স্বাক্ষর করেন ব্যবস্থাপনা সম্পাদক আনিসুল হক এবং কনকর্ড গ্রুপের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান বিপণন কর্মকর্তা অনুপ কুমার সরকার।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কনকর্ড গ্রুপের বিপণন বিভাগের জ্যেষ্ঠ উপমহাব্যবস্থাপক উজ্জল কুমার বসাক, মুক্তকণ্ঠের মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান এবং ইভেন্টস বিভাগের সহকারী ব্যবস্থাপক আল মামুন।
আগামী ২০২৬ সালে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের জন্য দেশের ৬৪টি জেলায় এই সংবর্ধনা কার্যক্রমের প্রস্তুতি শুরু হবে। এছাড়া সফলতার সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে নিবন্ধন করলেই পাবেন বিশেষ উপহার।