স্পেনের বিশ্বকাপ জয়ের উদ্যাপনের একটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ম্যাচ শেষে মার্ক কুকুরেয়াকে একটি সাধারণ সাদা প্লাস্টিকের ব্যাগ হাতে স্টেডিয়াম ছাড়তে দেখা যায়, আর সেই ব্যাগের ভেতরে ছিল বিশ্বকাপ ট্রফি সদৃশ একটি বস্তু।
অতিরিক্ত সময়ে আর্জেন্টিনাকে ১-০ গোলে পরাজিত করে দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয় করে স্পেন। ফাইনাল ম্যাচের মূল আলোচনার বিষয় ছিল এনজো ফার্নান্দেজের লাল কার্ড এবং ম্যাচ পরবর্তী উত্তেজনা। তবে পুরস্কার বিতরণী অনুষ্ঠানের পর কুকুরেয়ার এই অপ্রত্যাশিত কাণ্ড দ্রুতই ভাইরাল হয়ে পড়ে।
ঐতিহাসিক এই জয়ের পর খেলোয়াড়রা যখন মাঠ ছাড়ছিলেন, তখন ক্যামেরায় ধরা পড়ে মার্ক কুকুরেয়া একটি সাদা প্লাস্টিকের ব্যাগে বিশ্বকাপ ট্রফির মতো দেখতে কিছু একটা বহন করছেন। এই অদ্ভুত দৃশ্য দেখে নেটিজেনদের মধ্যে বিস্ময় ও সমালোচনার ঝড় ওঠে। অনেকে সমালোচনা করে বলেন, ‘যে ট্রফি মাঠে এলো কোটি কোটি টাকা মূল্যের লুই ভুতোঁর ব্যাগে, জয়ের পর সেই ট্রফির কি না জায়গা হলো ময়লা ফেলার ব্যাগে!’
চেলসির এই ডিফেন্ডারের এমন আচরণ দেখে সেখানে উপস্থিত সাংবাদিকরাও বিস্মিত হয়ে প্রশ্ন তোলেন। আবার অনেকে এই দৃশ্য দেখে মজা পান। তবে ভাইরাল হওয়া ভিডিওটির রহস্যের ব্যাখ্যা অত্যন্ত সহজ। বিভিন্ন প্রতিবেদন অনুযায়ী, কুকুরেয়ার পলিথিনে থাকা বস্তুটি আসল ফিফা বিশ্বকাপ ট্রফি ছিল না, বরং সেটি ছিল লেগো দিয়ে তৈরি একটি খেলনা ট্রফি।
বিষয়টি সামনে আসার পর অনেকেই মন্তব্য করেছেন যে, ৬ কেজির বেশি ওজনের আসল ট্রফি এমন পাতলা পলিথিনে বহন করা অসম্ভব।