চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ বলেছেন, অন্য চাষিরা যেভাবে সার বরাদ্দ পান, চা চাষিরাও স্বাভাবিক ভর্তুকির সার বরাদ্দ পাবেন।

সোমবার (২০ জুলাই) বিকেলে পঞ্চগড় জেলা প্রশাসন ও চা শিল্পের সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

পঞ্চগড় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে সভার আয়োজন করে পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড। সহযোগিতায় ছিল জেলা প্রশাসন।

চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, চায়ের গুণগত মান নিয়ে যে সমস্যা ছিল তা কেটে গেছে। এখন মানসম্মত চা পাতা তৈরি হচ্ছে। এখানকার চায়ের দামও বৃদ্ধি পাচ্ছে।

তিনি বলেন, চায়ের চোরাচালান রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। চা আইন প্রয়োজনে নতুন করে প্রণয়ন করা হবে; যা চা আইন-২৬ অথবা ২৭ হবে।

সভা সঞ্চালনা করেন বাংলাদেশ চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালের ভারপ্রাপ্ত কর্মকর্তা আমির হোসেন।

পঞ্চগড়ের জেলা প্রশাসক শুকরিয়া পারভীনের সভাপতিত্বে জেলার পুলিশ সুপার (এসপি) আবু সাইম, চা বোর্ডের সদস্য (অর্থ ও বাণিজ্য) ইয়াছমিন পারভীন তিবরীজি, সদস্য (গবেষণা ও উন্নয়ন) মোহাম্মদ মোয়াজ্জম হোসাইন, সচিব মমিনুর রশিদ, বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ড. মো. ইসমাইল হোসেন প্রমুখ সভায় উপস্থিত ছিলেন।