ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পর্যায়ক্রমে সারা দেশে সম্প্রসারণের পরিকল্পনা ও বাস্তবায়ন কৌশল নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠকে সভাপতিত্ব করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ সোমবার সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত অন্যতম অঙ্গীকার ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির বাস্তবায়নের বর্তমান অগ্রগতি এবং দেশব্যাপী এর সম্প্রসারণের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমান ধাপে ধাপে এই কার্যক্রম সম্প্রসারণের জন্য বাস্তবসম্মত পরিকল্পনা প্রণয়ন, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও সংস্থার মধ্যে কার্যকর সমন্বয় নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "দেশের প্রকৃত উপকারভোগীদের কাছে ফ্যামিলি কার্ডের সুবিধা কার্যকর, স্বচ্ছ ও নির্ভুলভাবে পৌঁছে দিতে একটি নির্ভরযোগ্য ও সমন্বিত তথ্যভান্ডার গড়ে তোলা জরুরি।"
পাশাপাশি তথ্য সংগ্রহ, যাচাই-বাছাই এবং উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ার প্রতিটি স্তরে সর্বোচ্চ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
উক্ত বৈঠকে সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের এসডিজি–বিষয়ক মুখ্য সমন্বয়ক অধ্যাপক এস এম আবদুল আওয়াল, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধাসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।