চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে চলমান উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার বর্তমান রুটিন অনুযায়ী বাকি পরীক্ষাগুলো গ্রহণ এবং স্থগিত পরীক্ষাগুলোর দ্রুত নতুন সময়সূচি প্রকাশের দাবিতে স্মারকলিপি দিয়েছে সাধারণ পরীক্ষার্থীরা।
রোববার (১৯ জুলাই) চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর বিভিন্ন কলেজের পরীক্ষার্থীদের পক্ষে এ স্মারকলিপি প্রদান করা হয়।
স্মারকলিপিতে শিক্ষার্থীরা উল্লেখ করেন, সম্প্রতি প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে সৃষ্ট আকস্মিক বন্যা ও জলাবদ্ধতার কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের বাংলা ১ম ও ২য় পত্র এবং ইংরেজি ১ম পত্রের পরীক্ষা সম্পন্ন হওয়ার পর অবশিষ্ট পরীক্ষাসমূহ স্থগিত ঘোষণা করা হয়। শিক্ষার্থীদের দাবি, চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্য সব শিক্ষা বোর্ডের পরীক্ষা বর্তমান রুটিন অনুযায়ী যথানিয়মে চলমান রয়েছে। এর ফলে চট্টগ্রাম বোর্ডের পরীক্ষার্থীরা অন্যদের তুলনায় পড়াশোনা ও ফলাফলের দিক থেকে মারাত্মকভাবে পিছিয়ে পড়ার আশঙ্কায় দিন কাটাচ্ছেন। দীর্ঘসূত্রতার কারণে তাদের মধ্যে চরম মানসিক চাপ ও অনিশ্চয়তা তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের প্রধান দাবি দুটি হলো— দেশের অন্য সব বোর্ডের সঙ্গে মিল রেখে চট্টগ্রাম বোর্ডেরও অবশিষ্ট পরীক্ষাগুলো বর্তমান রুটিন অনুযায়ী যথাসময়ে গ্রহণ করা এবং বন্যা পরিস্থিতির কারণে স্থগিত হওয়া পরীক্ষাগুলোর জন্য কমপক্ষে ২ থেকে ৩ দিনের বিরতি (গ্যাপ) দিয়ে দ্রুততম সময়ের মধ্যে নতুন রুটিন প্রকাশ করা। দ্রুত এই সিদ্ধান্ত গ্রহণ করা হলে তারা দীর্ঘমেয়াদি সেশনজট ও মানসিক চাপ থেকে মুক্তি পাবেন বলে আবেদনপত্রে জানানো হয়।
এ বিষয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, বর্তমান রুটিনে বাকি পরীক্ষাগুলো নেওয়া ও স্থগিত পরীক্ষাগুলোর নতুন রুটিন দেওয়ার দাবি জানিয়ে শিক্ষার্থীরা স্মারকলিপি দিয়েছে। তাদের মূল উদ্বেগ হলো, অন্য বোর্ডের তুলনায় তারা পিছিয়ে পড়ছে। আমরা শিক্ষার্থীদের দাবির বিষয়টি গুরুত্ব সহকারে দেখছি এবং দ্রুততম সময়ের মধ্যে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা করছি।