সোমবার থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে নতুন কুঁড়ি স্পোর্টসের জাতীয় পর্যায়ের চূড়ান্ত প্রতিযোগিতা। ২৭ জুলাই রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তরুণ প্রতিভা বাছাইয়ের সবচেয়ে বড় এই কর্মসূচির উদ্বোধনও করেছিলেন প্রধানমন্ত্রী।
চূড়ান্ত পর্বের সূচি অনুযায়ী ২০ থেকে ২৪ জুলাই মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ক্রিকেট প্রতিযোগিতা। ২১ থেকে ২৪ জুলাই কাবাডি ইভেন্টের খেলা চলবে মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২৫ ও ২৬ জুলাই মার্শাল আর্ট (কারাতে, জুডো, তাইকোয়ানডো, উশু) ইভেন্টের খেলা চলবে।
ফুটবল ইভেন্ট ২২ থেকে ২৭ জুলাই অনুষ্ঠিত হবে বনানীর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে। ব্যাডমিন্টন প্রতিযোগিতা ২৩ ও ২৪ জুলাই অনুষ্ঠিত হবে পল্টনের শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে।
সাঁতার প্রতিযোগিতা ২১ জুলাই মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত হবে।
দাবা প্রতিযোগিতা জাতীয় ক্রীড়া পরিষদের বাংলাদেশ দাবা ফেডারেশনে আগামী ২৬ জুলাই অনুষ্ঠিত হবে। ২৬ ও ২৭ জুলাই বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে রয়েছে অ্যাথলেটিক্স প্রতিযোগিতা।