নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে এইচএসসি পরীক্ষায় ভুল প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়ার ঘটনায় তিন সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন। অনলাইন নিউজ পোর্টাল মুক্তকণ্ঠে ‘২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা, পৌনে দুই ঘণ্টা পর ধরা পড়ল ভুল’ শিরোনামে সংবাদ প্রকাশের পর এই প্রশাসনিক পদক্ষেপ নেওয়া হলো।

রোববার (১৯ জুলাই) বিকেলে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান এই তদন্ত কমিটি গঠন করেন। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে ঘটনার প্রকৃত কারণ, দায়ী ব্যক্তিদের চিহ্নিতকরণ এবং প্রয়োজনীয় সুপারিশসহ প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গঠিত এই তদন্ত কমিটিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এবং উপজেলা সহকারী পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তাকে সদস্য করা হয়েছে।

এর আগে, একই দিন সকাল ১০টায় বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ইতিহাস বিষয়ের পরীক্ষা শুরু হলে পরীক্ষার্থীদের হাতে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্র তুলে দেওয়া হয়। প্রায় ১ ঘণ্টা ৪৫ মিনিট ওই ভুল প্রশ্নে পরীক্ষা চলার পর বিষয়টি কর্তৃপক্ষের নজরে আসে। পরে তড়িঘড়ি করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করে পুনরায় পরীক্ষা নেওয়া হয় এবং পরীক্ষার্থীদের অতিরিক্ত সময় দেওয়া হয়।

ভুক্তভোগী পরীক্ষার্থীরা অভিযোগ করেন, পরীক্ষা শুরুর পরপরই তারা প্রশ্নপত্রে অসঙ্গতি লক্ষ্য করে দায়িত্বরত শিক্ষকদের জানিয়েছিলেন। কিন্তু শিক্ষকরা বিষয়টি আমলে নেননি। দীর্ঘ সময় পর ভুল ধরা পড়ায় প্রচণ্ড মানসিক চাপের মধ্যে তাদের নতুন প্রশ্নে আবার পরীক্ষা দিতে হয়েছে।

এ বিষয়ে কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, ঘটনাটি খতিয়ে দেখতে এবং দায়ীদের চিহ্নিত করতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।