ফুটবল বিশ্বকাপের মহোৎসব ও ফাইনালের উন্মাদনায় কাঁপছে গোটা বিশ্ব। সেই উন্মাদনা থেকে পিছিয়ে নেই ভারতের পশ্চিমবঙ্গও। ক্লাব থেকে শুরু করে পাড়ার মোড়ে মোড়ে বড় পর্দায় আয়োজন করা হয়েছে ফাইনাল ম্যাচ দেখার।

ফুটবল বিশ্বের এই ঐতিহাসিক ক্ষণে রোববার (১৯ জুলাই) গভীর রাতে শিরোপার লড়াইয়ে লিওনেল মেসির আর্জেন্টিনার মুখোমুখি হয়েছে লামিন ইয়ামালের স্পেন। জয় ছিনিয়ে ট্রফি নিয়ে ঘরে তুলছে স্প্যানিসরা।

তবে খেলা শেষ হতে হতে গড়িয়ে গেছে মধ্যরাত। আর ফুটবলপ্রেমী সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের এই চরম উত্তেজনার বিষয়টি মাথায় রেখেই এক অভিনব ও নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ সরকার।

রাজ্য সরকারের শিক্ষা দপ্তর (বিকাশ ভবন) থেকে জারি করা এক বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (২০ জুলাই) সকালে যেসব স্কুল বসে (মর্নিং স্কুল), সেগুলোতে শিক্ষার্থীদের উপস্থিতির ক্ষেত্রে বিশেষ শিথিলতা দেওয়া যেতে পারে, অথবা স্কুল কর্তৃপক্ষ চাইলে সোমবার ছুটিও ঘোষণা করতে পারবে।

রোববার সন্ধ্যায় বিকাশ ভবনের পক্ষ থেকে এই সংক্রান্ত একটি জরুরি নির্দেশিকা জারি করা হয়।

সেখানে উল্লেখ করা হয়, ভারতীয় সময় অনুযায়ী সোমবার রাত ১২টা ৩০ মিনিটে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার মেগা ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার কথা উল্লেখ করা হয়। খেলা শেষ হতে গভীর রাত হয়ে যাওয়ার কারণে সোমবার সকালের শিফটের স্কুলগুলো শিক্ষার্থীদের উপস্থিতির কড়াকড়ি নিয়ম শিথিল করতে পারবে।

বিকাশ ভবনের তরফ থেকে রাজ্যের সব জেলা বিদ্যালয় পরিদর্শকদের (ডিআই) এই নির্দেশ দ্রুত সংশ্লিষ্ট মর্নিং স্কুলগুলোতে পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ফুটবল উন্মাদনায় অবশ্য পশ্চিমবঙ্গের চেয়েও এক ধাপ এগিয়ে রয়েছে ভারতের অন্য রাজ্য কেরালা। সোমবার রাজ্যের সমস্ত শিক্ষাপ্রতিষ্ঠানে পূর্ণদিবস ছুটি ঘোষণা করেছে কেরালা সরকার।

কেরালার মুখ্যমন্ত্রী ভি ডি সতীশন নির্দেশ দিয়েছেন, সোমবার স্কুল, কলেজসহ রাজ্যের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে আগে থেকে নির্ধারিত থাকা পরীক্ষাগুলো যথানিয়মেই অনুষ্ঠিত হবে।

কেরালার পর এবার পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের এমন ফুটবল-বান্ধব ও নমনীয় নির্দেশিকায় ওপার বাংলার ফুটবলপ্রেমী ও শিক্ষার্থীদের মাঝে আনন্দের বন্যা বয়ে যাচ্ছে।

সূত্র: সংবাদ প্রতিদিন