সাম্প্রতিক বন্যায় বান্দরবানের ক্ষতিগ্রস্ত ও চিকিৎসাসেবা বঞ্চিত অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বন্যাদুর্গতদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বান্দরবান বিজিবি সেক্টর সদর দপ্তরের উদ্যোগে দিনব্যাপী এক মেডিকেল ক্যাম্পের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) বান্দরবান বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল মুহাম্মদ রুবায়াত জামিল, বিএসপির দিকনির্দেশনায় এবং বান্দরবান সেক্টর সদরের ব্যবস্থাপনায় ক্রাইক্ষ্যংপাড়ার শহীদ মোশারফ বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে দিনব্যাপী এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে মেডিকেল অফিসার মেজর তিমির রঞ্জন মহান্ত (এএমসি), ডা. আফরোজা আক্তার (এমবিবিএস) ও ডা. মো. রাশেদুল ইসলাম (এমবিবিএস) বন্যায় ক্ষতিগ্রস্ত আনুমানিক ১৫২টি পরিবারের প্রায় ৩৫০ জন নারী, পুরুষ ও শিশুকে স্বাস্থ্য পরীক্ষা, চিকিৎসাপরামর্শ এবং বিনামূল্যে ওষুধ প্রদান করেন।
চিকিৎসা নিতে আসা ব্যক্তিরা জানান, বন্যার কারণে তাদের নিয়মিত চিকিৎসা ব্যাহত হচ্ছিল। বিজিবির এ উদ্যোগের ফলে তারা চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়ে উপকৃত হয়েছেন। স্থানীয় বাসিন্দারাও দুর্যোগকালীন বিজিবির এমন মানবিক কার্যক্রমের প্রশংসা করেন।
ক্যাম্প চলাকালে বান্দরবান সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ হুমায়ুন কবির, পিএসসি এবং সহকারী পরিচালক মো. সেলিম রানা উপস্থিত থেকে কার্যক্রম তদারকি করেন।
এ সময় অতিরিক্ত পরিচালক (অপারেশন) মেজর মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সীমান্ত রক্ষার পাশাপাশি যেকোনো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির নৈতিক ও মানবিক দায়িত্ব। সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্তদের কষ্ট লাঘবেই আমাদের এ আয়োজন। ভবিষ্যতেও প্রয়োজন অনুযায়ী বিজিবির এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
তিনি আরও বলেন, বিজিবি সব সময় দেশের মানুষের পাশে রয়েছে। যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে জনগণের জানমাল রক্ষা এবং মানবিক সহায়তা প্রদানে বিজিবি সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে।