লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে ১২ বছর বয়সি এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল আহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২০ জুলাই) চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, রোববার রাতে উপজেলার মান্দারী ইউনিয়নের দিঘলী রাস্তার মাথা এলাকার ‘পপুলার আইডিয়াল হিফজ মাদ্রাসা’ থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আটক আহাদ ওই মাদ্রাসারই অধ্যক্ষ।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, গত শনিবার রাতে ওই ছাত্রকে নিজের কক্ষে ডেকে নেন অধ্যক্ষ। সেখানে তাকে বলাৎকারে করা হয় বলে অভিযোগ করা হয়েছে। পরদিন দুপুরে শিশুটি মাদ্রাসা থেকে পালিয়ে বাড়ি চলে যায়। বাড়ি ফিরে মাকে বিষয়টি জানায়। পরে অভিভাবক ও স্থানীয় লোকজন মাদ্রাসায় গিয়ে অভিযুক্ত অধ্যক্ষকে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। এ ঘটনার পর থেকে শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে।

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রব বলেন, ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে মামলা করা হয়েছে। অভিযুক্তকে ওই মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। তাকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে। পাশাপাশি বিষয়টি তদন্ত করা হচ্ছে। শিশুটিকে উদ্ধার করে প্রয়োজনীয় পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।