এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) নাম, লোগো এবং কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে ভুয়া ঋণের প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার চেষ্টা চলছে। এ ধরনের প্রতারণা সম্পর্কে জনসাধারণকে সতর্ক করে আজ সোমবার সকালে গণমাধ্যমে এক সংবাদ বিজ্ঞপ্তি জারি করেছে এডিবির ঢাকা কার্যালয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রতারক চক্র এডিবির নাম ও কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে নকল ওয়েবসাইট, ফেসবুক পেজ, ভুয়া পরিচয়পত্র এবং বিভিন্ন প্রতারণামূলক উপকরণ তৈরি করছে। এর মাধ্যমে তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করে অর্থ আদায়ের চেষ্টা চালাচ্ছে। এডিবি স্পষ্ট করে জানিয়েছে, এ ধরনের কোনো কর্মকাণ্ডের সঙ্গে তাদের কোনো সম্পর্ক বা সম্পৃক্ততা নেই।
এডিবি তার বিজ্ঞপ্তিতে স্পষ্টভাবে উল্লেখ করেছে, "এডিবি কখনো কোনো ব্যক্তিকে সরাসরি ঋণ, অনুদান, তহবিল বা অন্য কোনো ধরনের আর্থিক সহায়তা প্রদান করে না।"
সংস্থাটি আরও জানিয়েছে, "একইভাবে এডিবি কোনো ব্যক্তির কাছে আর্থিক সহায়তার বিনিময়ে ব্যক্তিগত আর্থিক তথ্য চায় না এবং মোবাইল ব্যাংকিং বা অন্য কোনো মাধ্যমে অর্থ জমা দেওয়ারও অনুরোধ করে না।"
সাম্প্রতিক সময়ে পাওয়া তথ্যের ভিত্তিতে এডিবি জানিয়েছে, প্রতারকেরা তাদের প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষকে প্রতারিত করার চেষ্টা করছে। তাই এ ধরনের ভুয়া ঋণের প্রস্তাব সম্পর্কে সতর্ক থাকার এবং কোনো যোগাযোগে সাড়া না দেওয়ার জন্য জোরালো পরামর্শ দিয়েছে সংস্থাটি। পাশাপাশি, এডিবির ঋণ বা আর্থিক সহায়তার নামে কেউ যোগাযোগ করলে তা দ্রুত সংশ্লিষ্ট আইন প্রয়োগকারী কর্তৃপক্ষকে জানানোর অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সরকারের দীর্ঘদিনের উন্নয়ন অংশীদার হিসেবে এডিবি স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রক্রিয়ার মাধ্যমে সরকারি এবং বেসরকারি খাতের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে কাজ করে। তাই কোনো ব্যক্তি যদি এডিবির প্রতিনিধি পরিচয় দিয়ে সরাসরি ব্যক্তিপর্যায়ে ঋণ বা আর্থিক সহায়তার প্রস্তাব দেয়, তবে তা নিশ্চিতভাবেই প্রতারণা হিসেবে বিবেচিত হবে।
উল্লেখ্য, কিছুদিন আগে বিশ্বব্যাংকের নাম ব্যবহার করে প্রায় একই ধরনের ঋণ প্রতারণার অভিযোগ উঠেছিল, যা নিয়ে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয় সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে সতর্ক করেছিল।