২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার আন্দোলন ও গণ-অভ্যুত্থানে আহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ করা হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ফাইন্যান্স কমিটির সুপারিশের ভিত্তিতে গত ২২ জুন অনুষ্ঠিত সিন্ডিকেট সভায় আহত শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম উক্ত সিন্ডিকেট সভায় সভাপতিত্ব করেন।
অন্যদিকে, ঐতিহাসিক জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, অনুষদ, বিভাগ ও ইনস্টিটিউটে পৃথক আয়োজন করা হচ্ছে। এসব কর্মসূচির মধ্যে রয়েছে জুলাই গণ-অভ্যুত্থানকে উপজীব্য করে সংকলন প্রকাশ, সেমিনার, স্মৃতিচারণা ও আলোচনা সভা, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা, ব্যক্তিগত অভিজ্ঞতা বিনিময়, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং বিতর্ক প্রতিযোগিতা।
এই উপলক্ষ্যে হাজী মুহম্মদ মুহসীন হল ‘জুলাই স্মৃতিকথন’ শীর্ষক একটি বিশেষ সংকলন প্রকাশ করবে। এছাড়া বিভিন্ন হল নির্দিষ্ট তারিখে ‘জুলাই অনুষ্ঠানমালা’র আয়োজন করবে। যার মধ্যে নবাব ফয়জুন্নেসা চৌধুরাণী ছাত্রী নিবাস ২২ জুলাই, বিজয় একাত্তর হল ২৩ জুলাই, অমর একুশে হল ২৩-২৫ জুলাই, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল ২৪ জুলাই, ড. মুহম্মদ শহীদুল্লাহ হল ও ফজলুল হক মুসলিম হল ২৪/২৫ জুলাই, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল ২৫ জুলাই, শামসুন নাহার হল ২৬ জুলাই, রোকেয়া হল ৩০ জুলাই, শেখ মুজিবুর রহমান হল ১-৪ আগস্ট এবং ড. কুদরাত-ই-খুদা হোস্টেল ৫ আগস্ট তাদের কর্মসূচি পালন করবে।