দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার নিয়মটি মুসলিম সমাজের কাছে অত্যন্ত পরিচিত। তবে এই নির্দিষ্ট সংখ্যার পেছনে রয়েছে এক বিশেষ ইতিহাস এবং গভীর ব্যবহারিক তাৎপর্য। মিরাজের রাতে নবীজি (সা.) যখন ঊর্ধ্বাকাশে আরোহণ করেন, তখন আল্লাহ তাআলা প্রথমে তাঁর ওপর দৈনিক পঞ্চাশ ওয়াক্ত নামাজ ফরজ করেন। ফেরার পথে নবী মুসার সঙ্গে দেখা হলে তিনি পরামর্শ দেন, ‘তোমার উম্মত এটা সইতে পারবে না, তুমি আল্লাহর কাছে ফিরে গিয়ে কমানোর অনুরোধ করো।’
নবীজি (সা.) আল্লাহর দরবারে ফিরে গেলে নামাজের সংখ্যা হ্রাস পায়। এভাবে মুসা (আ.)-এর পরামর্শে বারবার আল্লাহর কাছে ফিরে যাওয়ার পর শেষ পর্যন্ত এই সংখ্যাটি পাঁচে নেমে আসে। তখন আল্লাহ ঘোষণা করেন, ‘এগুলো পাঁচ ওয়াক্তই থাকবে, কিন্তু সওয়াবের হিসেবে পঞ্চাশের সমান হবে—আমার কথার নড়চড় হয় না।’ এরপর নবীজি (সা.) পুনরায় মুসার কাছে ফিরলে তিনি আরও কমানোর কথা বলেন, তবে নবীজি (সা.) জানান, ‘আমি এখন আমার প্রতিপালকের কাছে বারবার ফিরে যেতে লজ্জা বোধ করছি।’ (সহিহ বুখারি, হাদিস: ৩৪২)
এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয় যে, আল্লাহর নির্দেশ বান্দার সামর্থ্যের কথা বিবেচনা করেই নির্ধারিত হয়। এছাড়া নবী মুসার ভূমিকা থেকে বোঝা যায়, নিজের অভিজ্ঞতা দিয়ে অন্যকে সাহায্য করা কতটা মূল্যবান। বনি ইসরাইলকে ইবাদতে রাজি করাতে গিয়ে তিনি যে প্রতিকূলতার সম্মুখীন হয়েছিলেন, সেই অভিজ্ঞতার আলোকেই তিনি নবীজিকে (সা.) পরামর্শ দিয়েছিলেন। লক্ষণীয় বিষয় হলো, আমলের সংখ্যা পঞ্চাশ থেকে পাঁচে নামলেও সওয়াব অপরিবর্তিত রাখা হয়েছে, যা আল্লাহর বিশেষ রহমত। এর মাধ্যমে প্রমাণিত হয় যে, ইসলামের বিধান শাস্তিমূলক নয়, বরং মানুষের সামর্থ্য ও আত্মিক প্রয়োজন বিবেচনা করে সাজানো একটি কাঠামো।
নামাজের এই নির্দিষ্ট সংখ্যার পেছনে একটি ব্যবহারিক কারণও রয়েছে। নবীজি (সা.) একটি উপমার মাধ্যমে তা বুঝিয়ে বলেছেন। তিনি সাহাবিদের জিজ্ঞেস করেছিলেন, ‘তোমাদের কারও দরজার সামনে যদি একটা নদী থাকে, আর সে দিনে পাঁচবার তাতে গোসল করে, তার শরীরে কোনো ময়লা কি থেকে যাবে?’ সাহাবিরা উত্তর দেন, ‘না, কোনো ময়লাই থাকবে না।’ তখন নবীজি (সা.) বলেন, ‘পাঁচ ওয়াক্ত নামাজও ঠিক তেমন—এর মাধ্যমে আল্লাহ পাপ মুছে দেন।’ (সহিহ বুখারি, হাদিস: ৫২৮)
এই উপমাটি বিশ্লেষণ করলে দেখা যায়, দিনে একবার গোসলের চেয়ে ঘন ঘন গোসল করলে শরীর অধিক পরিচ্ছন্ন থাকে। নামাজও ঠিক তেমন; দিনের বিভিন্ন সময়ে বিভক্ত থাকায় মানুষ পাপ বা ভুলের পর দ্রুত অন্তর পরিষ্কার করার সুযোগ পায়। ফজর থেকে এশা পর্যন্ত নির্দিষ্ট বিরতিতে নামাজ পড়ার ফলে মানুষ বারবার নিজেকে সংশোধনের সুযোগ পায়।
নামাজ কেবল আধ্যাত্মিক কর্তব্য নয়, বরং এটি দিনের একটি সুশৃঙ্খল কাঠামো। ফজর দিনের শুরুতে শৃঙ্খলা আনে, জোহর ব্যস্ততার মাঝে বিরতি দেয়, আসর ক্লান্তির মাঝে পুনরুজ্জীবিত করে, মাগরিব কৃতজ্ঞতার মুহূর্ত তৈরি করে এবং এশা রাতের বিশ্রামের আগে স্রষ্টাকে স্মরণ করায়। পবিত্র কোরআনে বলা হয়েছে, ‘সূর্য পশ্চিমে ঢলে পড়া থেকে রাতের আঁধার পর্যন্ত নামাজ কায়েম করো, আর ফজরের কোরআন পাঠও। নিশ্চয়ই ফজরের কোরআন পাঠ (ফেরেশতাদের) উপস্থিতিতে ঘটে।’ (সুরা ইসরা, আয়াত: ৭৮)
পরিশেষে বলা যায়, নামাজ শুধু একটা আধ্যাত্মিক কর্তব্য নয়, এটা দিনের একটি কাঠামোও বটে; যা মানুষকে বারবার তার আসল লক্ষ্যের দিকে ফিরিয়ে আনে, দুনিয়ার ব্যস্ততায় হারিয়ে যেতে দেয় না। মিরাজের রাতের সেই ঘটনাটি বার্তা দেয় যে, আল্লাহর বিধান মানুষের সামর্থ্যের বাইরে নয়। দিনে পাঁচবার আল্লাহর সামনে দাঁড়ানো কোনো বোঝা নয়, বরং এটি এমন এক নদী যেখানে বারবার ফিরে গিয়ে নিজেকে পবিত্র করা সম্ভব।