নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্য হিসেবে বিএনপির বিভিন্ন পর্যায়ের ১৩ জন নেতা-নেত্রীর নিয়োগ দেওয়া হয়েছে। স্থানীয় সরকার বিভাগের জারি করা এক আদেশে এই নিয়োগের কথা জানানো হয়েছে।
গত ১৬ জুলাই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের উপসচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত আদেশে তাঁদের ১২০ দিনের জন্য নিয়োগ দেওয়া হয়। স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন ২০০৯ (সংশোধিত ২০২৪ পর্যন্ত) এর ১৮(১) ধারা অনুযায়ী পরিষদের মেয়াদ শেষ হওয়ায় এই আদেশ জারি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি মো. নূরনবী ভুঁইয়া।
পাশাপাশি পরিষদের সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন আরও ১২ জন বিএনপির নেতা-নেত্রী। তাঁদের মধ্যে রয়েছেন ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. ওবায়দুল হক ইয়াজুল, ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি তৈয়বুর রহমান, ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. সফিউদ্দিন মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. শরীফ মিয়া, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম, ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মামুন হোসেন ভূঞা, ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি সাইদুর রহমান, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. বাচ্চু মিয়া এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আল আমিন মাসুদ। এছাড়া সংরক্ষিত সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন রূপগঞ্জ উপজেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক সেলিনা আক্তার, রূপগঞ্জ ইউনিয়ন মহিলা দলের নেত্রী হাসনারা বেগম ও রুমি আক্তার।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৪ অক্টোবর রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল। সেই হিসেবে ২০২৪ সালের অক্টোবরে পরিষদের মেয়াদ শেষ হয়। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পূর্বাচল রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
এই বিষয়ে রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফুল ইসলাম মুক্তকণ্ঠকে বলেন, "রূপগঞ্জ ইউনিয়ন পরিষদের প্রশাসক ও সদস্যরা রোববার দায়িত্ব গ্রহণ করেছেন।"