বগুড়ার শিবগঞ্জ ও মোকামতলা উপজেলার তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করে নতুন নাম ঘোষণা করা হয়েছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ি এবং তাঁর দুই ছেলের নামের সঙ্গে মিল রেখে পূর্বের নামকরণ করা হয়েছিল, যা নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।

আজ রোববার জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় অনুমোদন শেষে জেলা প্রশাসক তৌফিকুর রহমান আনুষ্ঠানিকভাবে নতুন নামগুলো ঘোষণা করেন। এর আগে পৃথক গণশুনানির মাধ্যমে মতামত গ্রহণ করা হয়েছিল।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিবগঞ্জ উপজেলার ‘মীরবাড়ি’ ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘বেতগাড়ী ইউনিয়ন’ করা হয়েছে। অন্যদিকে, মোকামতলা উপজেলার ‘সীমান্ত’ ইউনিয়নের নতুন নাম হবে ‘জগন্নাথপুর ইউনিয়ন’ এবং ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তন করে ‘রহবল ইউনিয়ন’ রাখা হয়েছে।

এ বিষয়ে আজ সন্ধ্যায় জেলা প্রশাসক তৌফিকুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটিতে অনুমোদন শেষে পরিবর্তিত তিন ইউনিয়নের নতুন নাম আজ আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। সভার সিদ্ধান্তের চিঠি স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।"

উল্লেখ্য, গত ২৩ জুন শিবগঞ্জ উপজেলার বেতগাড়ী মীরবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, মোকামতলা উপজেলার জগন্নাথপুর উচ্চবিদ্যালয় মাঠ ও ভরিয়া উচ্চবিদ্যালয় মাঠে তিন ইউনিয়নের নামকরণের বিষয়ে আলাদা গণশুনানি অনুষ্ঠিত হয়। এছাড়া ২৫ জুন মোকামতলা উপজেলার রহবল উচ্চবিদ্যালয় মাঠেও গণশুনানি করা হয়।

গত ১১ জুন বগুড়ার জেলা প্রশাসকের স্বাক্ষরিত গেজেটে শিবগঞ্জ ও নবগঠিত মোকামতলা উপজেলার প্রশাসনিক কাঠামো পুনর্গঠনের কথা জানানো হয়, যেখানে চারটি নতুন ইউনিয়ন গঠন করা হয়। শিবগঞ্জে গঠিত নতুন ইউনিয়নের নাম দেওয়া হয় ‘মীরবাড়ি’ এবং মোকামতলায় তিনটি ইউনিয়নের নাম রাখা হয় ‘সীমান্ত’, ‘দিগন্ত’ ও ‘স্বর্ণগ্রাম’।

তবে "প্রতিমন্ত্রী মীর শাহে আলমের পৈতৃক বাড়ির নাম মীরবাড়ি এবং তাঁর দুই ছেলে সীমান্ত ও দিগন্তের নামের সঙ্গে তিন ইউনিয়নের নামের মিল থাকায় বিষয়টি নিয়ে বিতর্কের সৃষ্টি হয়।" এই বিতর্ক জাতীয় সংসদ পর্যন্ত গড়ায়।

পরবর্তীতে প্রধানমন্ত্রী তারেক রহমান বিতর্কিত ইউনিয়নগুলোর নাম পরিবর্তনের উদ্যোগ নিতে বগুড়ার জেলা প্রশাসক তৌফিকুর রহমানকে নির্দেশ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো নির্দেশনার চিঠিতেও শিবগঞ্জের মীরবাড়ি এবং মোকামতলার সীমান্ত ও দিগন্ত ইউনিয়নের নাম পরিবর্তনের ব্যবস্থা নিতে বলা হয়।