নড়াইলে এক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ছুরিকাঘাত করার অভিযোগ উঠেছে ওই স্কুলেরই এক অফিস সহকারীর বিরুদ্ধে। রোববার বেলা একটার দিকে শহরের আলাদাতপুরে এই ঘটনা ঘটে।

আহত উজির আলী (৩৪) নড়াইল কালেক্টরেট স্কুলের প্রধান শিক্ষক। তিনি লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের বাসিন্দা। অন্যদিকে, অভিযুক্ত অফিস সহকারী রাকিব হোসেন নড়াইল সদর উপজেলার মাছিনদিয়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে।

পুলিশ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, রোববার দুপুরে শিক্ষার্থীদের বেতন জমা দিতে অভিভাবকেরা কালেক্টরেট স্কুলে আসেন। এক অভিভাবক যখন অফিস সহকারী রাকিব হোসেনের কাছে বেতন দিতে চান, তখন রাকিব বলেন, “দেরি হয়ে গেছে, এখন আপনার বেতন নেব না”। এই কথাকে কেন্দ্র করে ওই অভিভাবকের সঙ্গে রাকিবের কথা-কাটাকাটি হয় এবং তিনি ওই অভিভাবকসহ আরও কয়েকজনের সঙ্গে দুর্ব্যবহার করেন। বিষয়টি জানতে পেরে প্রধান শিক্ষক উজির আলী রাকিবকে তাঁর কক্ষে ডেকে দুর্ব্যবহারের কারণ জানতে চাইলে রাকিব ক্ষিপ্ত হয়ে ওঠেন। এরপর প্রধান শিক্ষক কক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় রাকিব তাঁর হাত-মুখসহ শরীরে ছুরিকাঘাত করেন। ঘটনার পরপরই রাকিব ঘটনাস্থল থেকে পালিয়ে যান। অন্য শিক্ষকেরা আহত প্রধান শিক্ষককে দ্রুত জেলা হাসপাতালে নিয়ে যান।

নড়াইল জেলা হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক অলোক কুমার বাগচী জানান, প্রধান শিক্ষক উজির আলীর হাত-মুখসহ শরীরের বিভিন্ন স্থানে ক্ষতচিহ্ন পাওয়া গেছে। তাঁকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অজয় কুমার কুন্ডু জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ভুক্তভোগী প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলেছেন। তিনি আরও জানান, অভিযুক্ত রাকিব হোসেনকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।