জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাওলী মাহবুব। অর্থনীতি বিভাগের অধ্যাপক আইনুল ইসলামের পদত্যাগের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁকে এই পদে নিয়োগ দিয়েছে।
রোববার বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক শাওলী মাহবুবকে আগামী দুই বছরের জন্য সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন নিযুক্ত করা হয়েছে। ২০ জুলাই থেকে এই নিয়োগ কার্যকর হবে এবং তিনি বিধিমোতাবেক ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, অধ্যাপক আইনুল ইসলাম ডিনের দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে আবেদন জানিয়েছিলেন, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার বেলা দেড়টার দিকে অর্থনীতি বিভাগের নিজস্ব কক্ষে অবস্থানকালে অধ্যাপক আইনুল ইসলাম ছাত্রদল ও ছাত্রশক্তির নেতা-কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন। তাঁর বিরুদ্ধে স্লোগান দিয়ে তাঁকে কক্ষ ত্যাগ করতে বলা হলে উদ্ভূত পরিস্থিতিতে তিনি সেখান থেকে চলে যান। ওই দুই ছাত্রসংগঠনের নেতারা তাঁকে ‘জুলাই অভ্যুত্থানবিরোধী’ হিসেবে উল্লেখ করে সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন হিসেবে তাঁর দায়িত্ব পালনের তীব্র প্রতিবাদ জানান।






