বাংলাদেশি পাসপোর্টে আবারও ‘ইসরায়েল ব্যতীত’ (Except Israel) শব্দবন্ধ যুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ছয় বছর আগে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে এই শব্দবন্ধটি বাদ দেওয়া হয়েছিল। আজ রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সরকারি আদেশের মাধ্যমে তা পুনর্বহাল করেছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরকে নির্দেশ দিয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মতে, বাংলাদেশের পররাষ্ট্রনীতি, জনমত এবং ফিলিস্তিন ইস্যুতে দেশের দীর্ঘদিনের অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এখন থেকে যেসব নতুন পাসপোর্ট তৈরি হবে, সেগুলোতে এই শব্দবন্ধটি থাকবে।
সরকারি আদেশে ই-পাসপোর্ট বুকলেটের নকশা পরিবর্তন, পরিবর্ধন ও সংশোধনের মাধ্যমে জলছাপগুলো সুবিন্যস্ত করার কথা বলা হয়েছে। নতুন জলছাপে জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪-এর স্মৃতি হিসেবে রংপুর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শহীদ আবু সাঈদ, শহীদ মীর মাহফুজুর রহমান মুগ্ধ ও শহীদ ওয়াসিম আকরামের ছবি যুক্ত করা হয়েছে। এছাড়া পাসপোর্টে সব ধর্মের প্রতীক অন্তর্ভুক্ত করা হয়েছে।
নতুন ই-পাসপোর্টের জলছাপে যেসব বিষয় থাকবে তা বিস্তারিত জানিয়ে বলা হয়েছে, "নতুন করে যেসব ই-পাসপার্ট তৈরি করা হবে, সেগুলোর জলছাপে থাকবে জাতীয় ফুল শাপলা, রয়্যাল বেঙ্গল টাইগার, জাতীয় পাখি দোয়েল, শহীদ মিনার, জাতীয় স্মৃতিসৌধ, জাতীয় সংসদ ভবন, সুপ্রিম কোর্ট, দিনাজপুরের কান্তজিউ মন্দির, সোহরাওয়ার্দী উদ্যানের শিখা অনির্বাণ, লালবাগ দুর্গ, কক্সবাজারের ঝাউবনসহ সমুদ্রসৈকতের ছবি (নৌকা ব্যতীত), সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওর, জাতীয় মাছ ইলিশ, বান্দরবানের নীলগিরি, ঢাকার ঐতিহাসিক আহসান মঞ্জিল, জাতীয় ফল কাঁঠাল, বান্দরবানের স্বর্ণমন্দির, বায়তুল মোকাররম জাতীয় মসজিদ, রাজশাহীর আমবাগান, নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অবস্থিত ঐতিহাসিক পানামনগর, কার্জন হল, ষাটগম্বুজ মসজিদ, সোনালি আঁশ পাট, চা-বাগান, সুন্দরবন, খ্রিষ্টধর্মের হলি রোজারি চার্চ এবং জয়নুল আবেদিন চিত্রকর্ম ‘সংগ্রাম’।"
অন্যদিকে, পূর্বের নকশা থেকে বেশ কিছু ছবি বাদ দেওয়া হয়েছে। এই বিষয়ে জানানো হয়েছে, "পাসপোর্ট থেকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতার স্তম্ভ, মডেল মসজিদ, বঙ্গবন্ধু সেতু (যমুনা সেতু), বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার, বঙ্গবন্ধু স্যাটেলাইট, পদ্মা সেতু, মেট্রোরেল, নৌকাসহ কক্সবাজার সমুদ্রসৈকতের ছবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র এবং মেহেরপুরে মুজিবনগর সরকারের স্মৃতিসৌধের ছবি বাদ দেওয়া হয়েছে।"
নতুন জলছাপে জুলাই গণ-অভ্যুত্থানের বীরদের বিশেষ প্রতিকৃতি থাকবে। এর মধ্যে রয়েছে দুই হাত প্রসারিত করে দাঁড়িয়ে থাকা আবু সাঈদ, পানি হাতে দাঁড়িয়ে থাকা মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং জাতীয় পতাকার জার্সি পরিহিত চট্টগ্রামের ছাত্রদল নেতা ওয়াসিম আকরামের ছবি। এই তিনজনের ছবি মিলিয়ে নামকরণ করা হয়েছে ‘জুলাই গণ-অভ্যুত্থান ২০২৪’।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ২০২০ সালে আওয়ামী লীগ সরকারের সময়ে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে ই-পাসপোর্ট পরিষেবা চালু হলে ‘ইসরায়েল ব্যতীত’ শব্দবন্ধটি সরিয়ে ফেলা হয়েছিল। পরবর্তীতে বিভিন্ন মহল থেকে তা পুনরায় যুক্ত করার দাবি ওঠে। ১৭ ফেব্রুয়ারি বিএনপি সরকার দায়িত্ব গ্রহণের পর এই পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে সারসংক্ষেপ পাঠালে তিনি ই-পাসপোর্টে কয়েকটি ছবি যুক্ত করার নির্দেশনা দেন, যার প্রেক্ষিতে আজকের আদেশ জারি করা হলো।
ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, "নতুন নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে নতুন পাসপোর্টে ইসরায়েল ব্যতীত শব্দবন্ধ যুক্ত করা হবে। পুরোনো পাসপোর্টধারীদের জন্য আলাদা করে তাৎক্ষণিক কোনো জটিলতা তৈরি হবে না। মেয়াদ শেষে নবায়নের সময় নতুন সংস্করণের পাসপোর্ট পাওয়া যাবে। ৪৮ পৃষ্ঠা ও ৬৪ পৃষ্ঠার অনুমোদিত জলছাপে নতুন ছবি থাকবে।"