রাজশাহীর বাগমারায় স্নাতক (পাস) তৃতীয় বর্ষের পরীক্ষা দিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ছয় শিক্ষার্থী আহত হয়েছেন। আজ রোববার দুপুরে হাট গাঙ্গোপাড়া-ভবানীগঞ্জ সড়কের বসন্তপুর মোড়ে শিক্ষার্থীদের বহনকারী একটি ব্যাটারিচালিত রিকশাকে ট্রাক ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে।
আহতরা হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের শিক্ষার্থী। তাঁদের পরীক্ষার কেন্দ্র ছিল ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে, যেখানে আজ বেলা দুইটায় পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে দুর্ঘটনার কারণে তাঁরা পরীক্ষায় অংশ নিতে পারেননি।
স্থানীয় সূত্রে জানা গেছে, রিকশায় করে ছয় শিক্ষার্থী পরীক্ষা দিতে কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। বেলা দেড়টার দিকে বসন্তপুর মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের রিকশায় ধাক্কা দেয়। এতে রিকশার চালক গোলাম হোসেন এবং পরীক্ষার্থী আম্বিয়া খাতুন, ইসমত আরা, ইসরাত জাহান, নাসরিন আক্তার, জান্নাতুন খাতুন ও ইকবাল হোসেন গুরুতর আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করে এক অভিভাবক অভিযোগ করেন, "এ ঘটনায় দায় হাট গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজ কর্তৃপক্ষ এড়াতে পারে না। তিন কিলোমিটার দূরে মচমইল কলেজে পরীক্ষাকেন্দ্র ছিল। কিন্তু তারা ১৫ কিলোমিটার দূরে ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে পরীক্ষার ব্যবস্থা করেছে। আগে মচমইল ডিগ্রি কলেজ কেন্দ্রে পরীক্ষা হতো।"
বিষয়টি নিয়ে জানতে চাওয়া হলে গাঙ্গোপাড়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ মাহাবুর রহমান বলেন, "উচ্চমাধ্যমিকের জন্য মচমইলে পরীক্ষার আয়োজন করা হয়। তবে ডিগ্রি পরীক্ষায় ভবানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের কেন্দ্রে অংশ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে।"
আহত শিক্ষার্থীদের বিষয়ে অধ্যক্ষ মাহবুর রহমান আরও জানান, "আহত শিক্ষার্থীরা যাতে পরীক্ষায় অংশ নিতে পারেন, সেজন্য কলেজের পক্ষ থেকে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আবেদন করা হবে।"
তিনি আরও জানান, আজ বিকেলে রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান সড়ক দুর্ঘটনার বিষয়ে প্রয়োজনীয় তথ্য চেয়েছেন। বিষয়টি মৌখিকভাবে জানানো হয়েছে এবং পরবর্তীতে লিখিতভাবে জানানো হবে।