জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে চলমান বিতর্কের অবসান হওয়া উচিত বলে মনে করেন স্থানীয় সরকারমন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁর মতে, আলোচনার মাধ্যমেই এই বিতর্কের সমাধান করা সম্ভব। তিনি অভিযোগ করেন, জুলাই সনদ নিয়ে বর্তমানে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা চলছে।
আজ রোববার সকালে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ন্যাশনাল এডিটরস কাউন্সিলের আয়োজনে আয়োজিত 'জুলাই শহীদ সাংবাদিক সম্মাননা' অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে মন্ত্রী বলেন, ‘জুলাই আন্দোলন যে নতুন রাষ্ট্র গঠনের সুযোগ সৃষ্টি করেছে, তা বাস্তবায়ন করতে হবে। আমাদের আস্থা ও বিশ্বাস আছে আমরা ন্যায় ও ইনসাফের রাষ্ট্র গঠন করতে পারব।’ তিনি আরও জানান, বিএনপি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছে, সরকার তা বাস্তবায়ন করার চেষ্টা করছে।
আন্দোলনের কথা উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, এবার সংসদে আলোচনার মাধ্যমে পরবর্তী প্রজন্মের জন্য এমন একটা ব্যবস্থা চালু করা প্রয়োজন, যাতে আর সহিংসতার পথে যেতে না হয়।
সবকিছুতে বিরোধিতার মানসিকতা পরিহার করে বিরোধী দলকে সামনে আসার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংবিধান সংশোধন কমিটিতে যোগ দেওয়ার অনুরোধও জানান মির্জা ফখরুল।
গণমাধ্যমসহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যমান তোষামোদি সংস্কৃতির সমালোচনা করে তিনি বলেন, এ থেকে বেরিয়ে আসতে বড় ধরনের বিপ্লবের প্রয়োজন। তাঁর মতে, এত স্বল্প সময়ে ১৬ বছরের অপকর্ম থেকে জাতিকে শোধরানো সম্ভব নয়।