বিশ্বকাপ ফুটবল ঘিরে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে ছবি, অ্যাভাটার, মিম, ম্যাচের পূর্বাভাস কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমের কনটেন্ট তৈরির প্রবণতা বৃদ্ধি পেয়েছে। তবে অপরিচিত বা অননুমোদিত এআই সেবা ব্যবহারের ফলে ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য এবং অনলাইন নিরাপত্তা ঝুঁকির মুখে পড়তে পারে। জেনারেটিভ এআই টুল ব্যবহারের ক্ষেত্রে তাই সর্বোচ্চ সতর্ক থাকার পরামর্শ দিয়েছে সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান ক্যাসপারস্কি। আজ রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি এই সতর্কবার্তা জানিয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনেক এআই প্ল্যাটফর্ম ব্যবহারকারীর ছবি, সেলফি, ই-মেইল ঠিকানা, সামাজিক যোগাযোগমাধ্যমের অ্যাকাউন্টসহ বিভিন্ন ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে। এই তথ্যগুলো কীভাবে সংরক্ষণ বা ব্যবহার করা হবে তা নিশ্চিত না হয়ে শেয়ার করলে ব্যক্তিগত গোপনীয়তা বিঘ্নিত হতে পারে। অনলাইনে নিরাপদ থাকতে কেবল বিশ্বস্ত এআই প্ল্যাটফর্মে প্রয়োজনীয় তথ্য শেয়ার করার পাশাপাশি ওই প্ল্যাটফর্মগুলোর গোপনীয়তা নীতিমালা জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া মূল অ্যাকাউন্টের সঙ্গে এআই টুলগুলো যুক্ত করা থেকেও বিরত থাকতে বলা হয়েছে।
ক্যাসপারস্কির ওয়েব কনটেন্ট অ্যানালাইসিস ও প্রাইভেসি বিশেষজ্ঞ আন্না লারকিনা বলেন, "এআই দিয়ে তৈরি ফ্যান কনটেন্ট নিরীহ মনে হলেও অনেক সময় ব্যবহারকারীদের প্রয়োজনের চেয়ে বেশি ব্যক্তিগত তথ্য দিতে উৎসাহিত করে। একটি সাধারণ অ্যাভাটার তৈরির জন্যও ছবি, যোগাযোগের তথ্য, অ্যাকাউন্টের তথ্য এবং ব্যবহারসংক্রান্ত নানা তথ্য সংগ্রহ করা হতে পারে। বড় আন্তর্জাতিক আয়োজনকে কেন্দ্র করে প্রতারকেরা সক্রিয় হয়ে ওঠে। তাই কোনো এআই সেবা ব্যবহারের আগে সেটি ব্যক্তিগত তথ্য কীভাবে সংগ্রহ ও ব্যবহার করে, তা ভালোভাবে যাচাই করা উচিত।"
বিশ্বকাপ ফুটবল কেন্দ্রিক এআইভিত্তিক প্রতারণা থেকে নিরাপদ থাকতে ক্যাসপারস্কি শক্তিশালী পাসওয়ার্ড ব্যবস্থাপনা এবং এআই-সমৃদ্ধ অ্যান্টি-ফিশিং সুবিধাযুক্ত নির্ভরযোগ্য নিরাপত্তা সফটওয়্যার ব্যবহারের পরামর্শ দিয়েছে। পাশাপাশি ভ্রমণের সময় পাবলিক ওয়াই-ফাই এড়িয়ে ই-সিম অথবা বিশ্বস্ত ভিপিএন ব্যবহারের কথা বলা হয়েছে।