রাজধানীর সদরঘাট এলাকায় বুড়িগঙ্গা নদীতে লঞ্চের ধাক্কায় ডুবে যাওয়া একটি ট্রলারের নিখোঁজ দুই যাত্রীর সন্ধান পাওয়া গেছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, ট্রলার থেকে পানিতে পড়ে যাওয়ার পর তাঁরা সাঁতার কেটে নদীর অন্য পাড়ে উঠেছেন।
ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, "ট্রলার থেকে পড়ে যাওয়ার পর নিখোঁজ দুই যাত্রী নদীর অন্য পাশে সাঁতরে উঠেছে। তাঁদের কাছে মুঠোফোন না থাকায় পরে তাঁরা পরিবারের মাধ্যমে ট্রলারের মালিককে পাড়ে ওঠার বিষয়টি জানান। ট্রলারের মালিক ফায়ার সার্ভিসকে এই তথ্য নিশ্চিত করেছেন। তাই আর কেউ নিখোঁজের অভিযোগ না থাকায় ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান শেষ করেছে।"
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, আজ রোববার সকাল সাড়ে ৯টার দিকে সদরঘাটের শ্যামবাজার ঘাট এলাকায় সুন্দরবন-১২ লঞ্চের ধাক্কায় কুমিল্লাগামী একটি ট্রলার ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১০ জন যাত্রী পানিতে পড়ে যান। তাঁদের মধ্যে আটজনকে দ্রুত উদ্ধার করা সম্ভব হলেও দুজনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরবর্তীতে জানা যায়, তাঁরা সাঁতরে নদীর অন্য পাশে পৌঁছেছেন।
দুর্ঘটনা প্রসঙ্গে নৌ পুলিশের সদরঘাটের ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহাগ রানা আজ রোববার দুপুরে মুক্তকণ্ঠকে বলেন, "ট্রলারটি গাজীপুরের কড্ডাবাজার থেকে নতুন তৈরি করে কুমিল্লার মুরাদনগরে নিয়ে যাচ্ছিল। সদরঘাট এলাকা অতিক্রম করার সময় ট্রলারের পাখায় কিছু একটা আটকে গিয়ে ইঞ্জিন বন্ধ হয়ে যায়। এতে ট্রলারটি নড়াচড়া করতে পারছিল না। এমন সময় বরিশাল থেকে আসা সুন্দরবন-১২ লঞ্চটি ট্রলারটিকে ধাক্কা দিলে এটি ডুবে যায়।"