নেশার টাকা জোগাড় করতে ভাগনের শখের বাইসাইকেল চুরি করার অভিযোগে নিজের ভাইয়ের বিরুদ্ধে মামলা করেছেন এক বোন। নাটোরের লালপুর উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের টিটিয়া আবেদ মোড় এলাকায় এই ঘটনাটি ঘটে।

পুলিশ অভিযুক্ত জাহাঙ্গীর হোসেন ওরফে কালুকে (৩৬) গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত ব্যক্তির দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া বাইসাইকেলটি উদ্ধার করা সম্ভব হয়েছে।

লালপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সন্ধ্যায় টিটিয়া আবেদ মোড় এলাকার বাসিন্দা মরিয়ম খাতুনের বাড়িতে বেড়াতে আসেন তাঁর ভাই জাহাঙ্গীর। রাতের কোনো এক সময় তিনি বাড়ি থেকে মরিয়মের ছেলের শখের বাইসাইকেলটি চুরি করে নিয়ে যান। পরদিন শনিবার দুপুরে মরিয়ম জানতে পারেন, মাদক কেনার টাকা জোগাড় করতে তাঁর ভাই বাইসাইকেলটি পাবনার ঈশ্বরদীতে বিক্রি করে দিয়েছেন।

এই ঘটনার পর মরিয়ম লালপুর থানায় ভাই জাহাঙ্গীরের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করে এবং তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে ঈশ্বরদী শহরের একটি বাসা থেকে ২২ হাজার টাকা মূল্যের চুরি যাওয়া বাইসাইকেলটি উদ্ধার করে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘অভিযোগ পাওয়ার পরপরই আমরা জাহাঙ্গীর হোসেনকে গ্রেপ্তার করি। এরপর তাঁর দেওয়া তথ্য অনুসারে সাইকেলটি উদ্ধার করি। গ্রেপ্তার হওয়া ব্যক্তিকে রোববার দুপুরে লালপুর আমলি আদালতে হাজির করা হবে। বাদী আদালতে আবেদন করে সাইকেলটি ফেরত নিতে পারবেন।’