ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে কিশোর জিহাদ মিয়া (১৫) হত্যা মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছেন স্থানীয় কয়েক শ নারী-পুরুষ। আজ রোববার সকাল সাড়ে ৯টা থেকে উপজেলার সদর ইউনিয়নের কুট্টাপাড়া মোড় এলাকায় এই কর্মসূচি পালন করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই কুট্টাপাড়া গ্রামের কিশোর জিহাদ মিয়াকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
মহাসড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)। বেলা ১১টা পর্যন্ত সর্বশেষ পাওয়া তথ্যানুযায়ী, মহাসড়কে অবরোধ কর্মসূচি অব্যাহত ছিল।