বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্টের শুরু থেকেই টিকিটের উচ্চমূল্য নিয়ে আলোচনা ও সমালোচনা ছিল। তবে ফাইনাল ম্যাচের কথা চিন্তা করে সেই দাম এখন পৌঁছেছে এক অভাবনীয় উচ্চতায়। শেষ মুহূর্তে এই ঐতিহাসিক লড়াইয়ের টিকিট ১০ হাজার থেকে সর্বোচ্চ ৬০ হাজার ডলারে বিক্রি হচ্ছে।

শনিবার সকালে ফিফার অফিসিয়াল টিকিটিং ওয়েবসাইটে গোলপোস্টের পেছনের গ্যালারিতে সবচেয়ে কম দামের টিকিট পাওয়া গিয়েছিল, যার মূল্য ছিল ৬,৪১১.২৫ ডলার (প্রায় ৮ লাখ টাকা)। তবে কয়েক ঘণ্টার মধ্যেই সেই টিকিটগুলো শেষ হয়ে যায়। এরপর সবচেয়ে কম দামের টিকিটের মূল্য বেড়ে দাঁড়ায় প্রায় ১০ হাজার ডলারে। স্টেডিয়ামের আপার ডেকের কর্নার অংশের এসব টিকিটের দাম বাংলাদেশি মুদ্রায় প্রায় ১২ লাখ টাকা।

মাঠের কাছাকাছি আসনে খেলা দেখার জন্য গুনতে হচ্ছে প্রায় ১৬ হাজার ডলার। অন্যদিকে, বিশেষ হসপিটালিটি আসনের দাম পৌঁছেছে প্রায় ৬০ হাজার ডলারে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪ লাখ টাকা। টিকিট পুনর্বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক ও স্টাবহাবেও একই পরিস্থিতি দেখা যাচ্ছে। সেখানে আপার ডেকের টিকিটের দাম শুরু হয়েছে প্রায় ১০ হাজার ডলার থেকে এবং লোয়ার বোলের কিছু আসনের দাম ৩৫ হাজার ডলারের কাছাকাছি পৌঁছেছে।

বিশ্বকাপের এই ফাইনাল ঘিরে ফুটবলপ্রেমীদের আগ্রহ তুঙ্গে থাকার অন্যতম কারণ হলো প্রথমবারের মতো বিশ্বকাপের মঞ্চে লিওনেল মেসি ও লামিনে ইয়ামালের মুখোমুখি হওয়া। পাশাপাশি এটি হতে পারে বিশ্বকাপে মেসির সম্ভাব্য শেষ ম্যাচ।

এই ম্যাচে আর্জেন্টিনা লড়বে তাদের চতুর্থ বিশ্বকাপ শিরোপার জন্য, পাশাপাশি ১৯৬২ সালের পর প্রথম দল হিসেবে টানা দুটি বিশ্বকাপ জয়ের লক্ষ্যেও। সর্বশেষ ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল টানা দুটি বিশ্বকাপ জিতেছিল। অন্যদিকে, ২০১০ সালের পর দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছে স্পেন। চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত ৮ গোল ও ৪ অ্যাসিস্ট করেছেন মেসি, যা তাঁর ক্যারিয়ারের তৃতীয় বিশ্বকাপ ফাইনাল।

উল্লেখ্য, গত মার্চে কাতারে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরো চ্যাম্পিয়ন স্পেনের মধ্যে ফিনালিসিমা হওয়ার কথা থাকলেও মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ম্যাচটি বাতিল হয়ে যায়। শেষ পর্যন্ত বিশ্বকাপের ফাইনালেই মুখোমুখি হচ্ছে বর্তমান সময়ের এই দুই পরাশক্তি।