বিশ্বকাপের ফাইনাল ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অতিথি এবং যানবাহনের প্রবেশ নিয়ন্ত্রিত থাকবে। আগামী রোববার সন্ধ্যা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, ক্যাম্পাস ও শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার কথা বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, "বিশ্বকাপের ফাইনাল ম্যাচ উপলক্ষে রোববার সন্ধ্যা সাড়ে ছয়টা থেকে সোমবার ভোর ছয়টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারী ব্যতীত অতিথিদের প্রবেশ এবং সাধারণ যানবাহনের প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রিত থাকবে।"

নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ের শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ী ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত প্রবেশপথ দিয়ে শুধুমাত্র বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন এবং জরুরি সেবার যানবাহন প্রবেশ করতে পারবে। এই জরুরি সেবার তালিকায় অ্যাম্বুলেন্স, চিকিৎসক ও রোগীবাহী যান, সাংবাদিক, রাইড শেয়ারের গাড়ি, খাবার সরবরাহকারী যান, অনলাইন শপিংয়ের বাহন এবং অন্যান্য সরকারি যানবাহন অন্তর্ভুক্ত থাকবে। এর বাইরে অন্য কোনো যানবাহনের প্রবেশাধিকার থাকবে না।

তবে পলাশী থেকে দোয়েল চত্বর হয়ে হাইকোর্ট মোড় পর্যন্ত সড়কটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।