পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় আবদুস শুকুর (৪০) নামের এক আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার বিকেলে উপজেলার ভূলবাড়িয়া ইউনিয়নের রতনপুর গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আবদুস শুকুর ওই গ্রামের বাসিন্দা এবং ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে শুকুর বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। শনিবার বিকেল পাঁচটার দিকে রতনপুর এলাকার উজিরের বাগানের জঙ্গলে গলাকাটা অবস্থায় তাঁর মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন। খবর পেয়ে আতাইকুলা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। পরবর্তীতে পরিবারের সদস্যরা এসে মরদেহটি শনাক্ত করেন।

এই ঘটনায় ভূলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবু ইউনুস বিশ্বাস গতকাল দিবাগত রাত ১২টার দিকে মুঠোফোনে মুক্তকণ্ঠকে বলেন, ‘শুকুর ভূলবাড়িয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন। কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা জানা নেই। তবে তাঁর এ হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার চাই।’

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবর রহমান জানান, খবর পাওয়ার পর শুকুরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তিনি আরও বলেন, “তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হত্যার কারণ উদ্‌ঘাটনে তদন্ত করা হচ্ছে।”