সিরাজগঞ্জে অসুস্থ চাচাকে চিকিৎসক দেখিয়ে ফেরার পথে বগুড়ার শেরপুরে মহাসড়কে ট্রাকচাপায় জয়নাল আবেদীন নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। শনিবার বিকেলে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুরের ঘোগা বটতলা এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত জয়নাল আবেদীন (৪৫) শেরপুরের ভবানীপুর ইউনিয়নের গোঁড়তা গ্রামের বাসিন্দা। তিনি তাঁর অসুস্থ চাচা মো. বখত জামালকে (৫৫) সিরাজগঞ্জে চিকিৎসক দেখিয়ে ব্যাটারিচালিত ভ্যানগাড়িতে করে বগুড়ায় ফিরছিলেন। দুর্ঘটনায় আহত হয়েছেন জয়নালের চাচা মো. বখত জামাল, তাঁর স্ত্রী মোছা. কুলসুম বেগম (৪০) এবং ভ্যানগাড়ির চালক মো. শাহ আলম (৪৫)। তাঁরা সবাই একই গ্রামের বাসিন্দা।
ঘটনার প্রত্যক্ষদর্শী অটোরিকশাচালক সাইফুল ইসলাম বলেন, "শনিবার বিকেল পৌনে চারটার দিকে মহাসড়কের চার লেন উন্নয়ন প্রকল্পের একটি ট্রাক উল্টো পথে যাওয়ার সময় অসুস্থ রোগী বহন করা ব্যাটারিচালিত ভ্যানগাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ট্রাকচাপায় জয়নাল নিহত হন।"
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত জামাল ও তাঁর স্ত্রী কুলসুমকে উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তিনি আরও বলেন, গুরুতর আহত অবস্থায় ভ্যানগাড়ির চালক শাহ আলমকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আইয়ুব আলী জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।