চট্টগ্রামের মিরসরাইয়ে অবস্থিত বেপজা অর্থনৈতিক অঞ্চলে একটি বস্ত্র কারখানা স্থাপন করতে যাচ্ছে চীনা মালিকানাধীন প্রতিষ্ঠান হুয়ারান টেক্স কোম্পানি লিমিটেড। এই প্রকল্পের আওতায় প্রতিষ্ঠানটি তিন কোটি মার্কিন ডলার বিনিয়োগ করবে, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৬৬ কোটি টাকা।

সম্প্রতি ঢাকার বেপজা কমপ্লেক্সে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষ (বেপজা) ও হুয়ারান টেক্স কোম্পানির মধ্যে এই লক্ষ্যে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৩৬ হাজার বর্গমিটার জমির ওপর এই কারখানাটি গড়ে তোলা হবে। কারখানাটি পূর্ণ সক্ষমতায় চালু হলে বছরে ২৪ হাজার টন সুতা এবং ২০ মিলিয়ন মিটার গ্রে ওভেন ফেব্রিক উৎপাদন করা সম্ভব হবে। এই উদ্যোগের ফলে ৫৮০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে বলে আশা করা হচ্ছে।

চুক্তিটিতে বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন এবং হুয়ারান টেক্স কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বিন ওয়াং নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন, সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ এস এম আনোয়ার পারভেজসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন বলেন, "বেপজা বিনিয়োগকারীদের জন্য একটি নিরাপদ, আধুনিক ও ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। বেপজা অর্থনৈতিক অঞ্চলে সফলভাবে ব্যবসা পরিচালনার জন্য প্রতিষ্ঠানটিকে সর্বাত্মক সহযোগিতা করা হবে।"