গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে এক নারী বন্দী পালিয়ে যাওয়ার ঘটনায় দায়িত্বে অবহেলার অভিযোগে তিন মেট্রন ও চার নারী কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

শনিবার দুপুরে কারা অধিদপ্তরের সহকারী মহাপরিচালক (উন্নয়ন) ও মুখপাত্র জান্নাত-উল-ফারহাদ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

বরখাস্ত হওয়া কর্মকর্তাদের তালিকায় রয়েছেন কাশিমপুর কারাগারের মেট্রন লায়লা আনজুমান, মোসা. মেরিনা, মোসা. রেহেনা এবং নারী কারারক্ষী মোসা. শায়লা, মোসা. শারমিন, মোসা. জেমি ও আসমা খাতুন।

কারাগার সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার বিকেলে কারাগারের ভেতরে প্রায় ৪০ জন নারী বন্দীকে দিয়ে বিভিন্ন কাজ করানো হচ্ছিল। সেই সময় দায়িত্বে নিয়োজিত মেট্রনদের তদারকিতে ঘাটতির সুযোগ নিয়ে মোছা. রিম্পা (২১) নামের এক বন্দী পালিয়ে যান।

পলাতক রিম্পা মেহেরপুরের গাংনী উপজেলার রায়পুর এলাকার বাসিন্দা। তিনি ঢাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিন মাসের কারাদণ্ডপ্রাপ্ত হয়ে কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী ছিলেন।

ঘটনার পরপরই কারাগারের অভ্যন্তরে একাধিকবার তল্লাশি চালানো হলেও রিম্পার কোনো খোঁজ পাওয়া যায়নি। এরপর গতকাল শুক্রবার বিকেলে কারাগারের জেল সুপার শিরিন আক্তার বাদী হয়ে গাজীপুরের কোনাবাড়ী থানায় একটি মামলা দায়ের করেন।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইফতেখার হোসেন জানান, পলাতক নারী বন্দীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।