নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় এক সড়ক দুর্ঘটনায় আবদুর রহমান ওরফে সুমন (৩২) নামে একজন উপসহকারী কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। আজ শনিবার বেলা পৌনে ১১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের নতুন ভিআইপি সড়কের মুখে চৌমুহনী-মাইজদী মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত আবদুর রহমান জেলার সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নের বাসিন্দা। বেগমগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, তিনি বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভায় উপসহকারী কৃষি কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুর রহমান মোটরসাইকেল চালিয়ে চৌমুহনী-মাইজদী মহাসড়ক পার হওয়ার সময় চৌমুহনী থেকে মাইজদী অভিমুখী একটি দ্রুতগামী ট্রাক তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে বেগমগঞ্জ থানার পুলিশ মরদেহটি উদ্ধার করে। দুর্ঘটনার পরপরই ওই সড়কে সাময়িকভাবে যান চলাচল বন্ধ হয়ে গেলেও পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঘটনা প্রসঙ্গে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামছুজ্জামান মুক্তকণ্ঠকে বলেন, ‘দুর্ঘটনার পর ট্রাকটি জব্দ করা হয়েছে। নিহত ব্যক্তির পরিবারের সদস্যদের অভিযোগের আলোকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।’