জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জয়পুরহাট জেলা শাখার আহ্বায়ক গোলাম কিবরিয়া পদত্যাগ করেছেন। শারীরিক অসুস্থতা এবং ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে গত ২ জুলাই তিনি দলের কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পদত্যাগপত্র জমা দেন। তবে কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত না আসায় গত শুক্রবার তিনি বিষয়টি সাংবাদিকদের জানান।
দলের কেন্দ্রীয় আহ্বায়ক, সদস্যসচিব ও সাংগঠনিক সম্পাদকের কাছে পাঠানো পদত্যাগপত্রে গোলাম কিবরিয়া উল্লেখ করেন, দলের প্রতিষ্ঠাকাল থেকেই তিনি জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন এবং বিভিন্ন সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তবে বর্তমানে শারীরিক অসুস্থতা ও পারিবারিক ব্যস্ততার কারণে আহ্বায়কের দায়িত্ব যথাযথভাবে পালন করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না, তাই তিনি অব্যাহতি চেয়েছেন।
এদিকে জয়পুরহাটে এনসিপির পদযাত্রা কর্মসূচির দুই দিন পর এই পদত্যাগের খবর প্রকাশ্যে আসায় দলীয় অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। গত বুধবার রাতে জয়পুরহাট শহরের শহীদ ডা. আবুল কাশেম ময়দানে অনুষ্ঠিত পথসভায় দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বক্তব্য দিলেও সেখানে জেলা আহ্বায়ক গোলাম কিবরিয়া উপস্থিত ছিলেন না।
দলের একটি সূত্র দাবি করেছে, জেলা আহ্বায়ক কমিটি ঘোষণার পর থেকেই কমিটির ভেতরে মতবিরোধ ও সাংগঠনিক দ্বন্দ্ব বিদ্যমান ছিল। পদযাত্রার পরপরই পদত্যাগের বিষয়টি সামনে আসায় সেই দ্বন্দ্ব নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে এসব আলোচনার সঙ্গে নিজের পদত্যাগের কোনো সম্পর্ক নেই বলে দাবি করেছেন গোলাম কিবরিয়া। তিনি বলেন, ‘আমার বয়স এখন ৬৫ বছরের বেশি। এই বয়সে আমার পক্ষে সাংগঠনিক দায়িত্ব পালন করা কঠিন। তাই ২ জুলাই পদত্যাগপত্র জমা দিয়েছি। প্রায় দুই সপ্তাহেও কেন্দ্র থেকে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। সে কারণে আজ (গতকাল) বিষয়টি নিজেই প্রকাশ করেছি।’