নরসিংদীর সদর উপজেলার মাধবদীতে ডাকাতি করতে আসা একদল দুর্বৃত্তের হাতে শাহজাহান ভূঁইয়া (৫০) নামের এক টেক্সটাইল ব্যবসায়ী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত ২টার দিকে মাধবদী থানার নুরালাপুর ইউনিয়নের বলভদ্রদী এলাকায় এই নৃশংস ঘটনা ঘটে। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন নিহতের ভাই সুরুজ ভূঁইয়া।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে ৮ থেকে ১০ জনের একটি ডাকাত দল শাহজাহান ভূঁইয়ার বাড়িতে প্রবেশ করে। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে শাহজাহান ও সুরুজ তাঁদের বাধা দিতে এগিয়ে যান। এসময় ডাকাতেরা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে লুটতরাজ শুরু করে। বাধা দেওয়ার চেষ্টা করায় দেশীয় অস্ত্র দিয়ে শাহজাহান ও সুরুজকে কুপিয়ে জখম করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই শাহজাহানের মৃত্যু হয় এবং সুরুজ গুরুতর আহত হন।
স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, রাত পৌনে ২টা থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত ডাকাতেরা ওই বাড়িতে লুটতরাজ চালায়। তারা নগদ টাকা, স্বর্ণালংকার ও মুঠোফোন নিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে আশপাশের লোকজন আহত সুরুজকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন মুক্তকণ্ঠকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, "লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়েছে। ডাকাত দলটিকে শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।"
উল্লেখ্য, গত ১০ জুলাই মাধবদীর কাঁঠালিয়া এলাকায় এক রাতে তিনটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছিল। ওইসব ঘটনায় এখন পর্যন্ত কোনো আসামি গ্রেপ্তার হয়নি।