রাজধানীর পুরান ঢাকায় নর্দমা পরিষ্কার করার কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছেন এক পরিচ্ছন্নতাকর্মী। মৃত ব্যক্তির নাম মিলন শেখ (৩৮)।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুরে ৩০ নম্বর ওয়ার্ডের নলগলা এলাকায় ড্রেন পরিষ্কার করতে গিয়ে মিলন নিখোঁজ হন। দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার বেলা আড়াইটার দিকে ওই এলাকা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা।

নিহত মিলন মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার হাসারগাঁও গ্রামের জহিরুল শেখের ছেলে। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর শ্যামপুরের নতুন আলী বহর এলাকায় বসবাস করতেন।

কোতোয়ালি থানা-পুলিশ জানায়, বৃহস্পতিবার সকাল থেকে ওই এলাকায় কয়েকজন পরিচ্ছন্নতাকর্মী ড্রেন পরিষ্কারের কাজ করছিলেন। বেলা একটার দিকে মিলন ম্যানহোলে নামেন। তবে ঘণ্টাখানেক পর হঠাৎ রশি ছিঁড়ে তিনি নিচে পড়ে যান। সাথে থাকা সহকর্মীরা অনেক খোঁজাখুঁজি করলেও তাঁর সন্ধান পাননি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধারকাজে অংশ নেয় এবং প্রায় ২৫ ঘণ্টা চেষ্টার পর তাঁর মরদেহ উদ্ধার করা হয়।

কোতোয়ালি থানার উপপরিদর্শক এনামুল হক বলেন, "ফায়ার সার্ভিস লাশ উদ্ধার করার পর সুরতহাল শেষে তা স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেখানেই তাঁর ময়নাতদন্ত সম্পন্ন করা হবে।"