দেশের বিদ্যমান অর্থনৈতিক সংকট কাটিয়ে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে এবং এই পুনর্গঠন প্রক্রিয়ায় পোশাকশিল্প গুরুত্বপূর্ণ সহযাত্রী হিসেবে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয় সরকারমন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার বিকেলে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ অ্যাপারেল জেনারেল ম্যানেজার্স অ্যাসোসিয়েশনের (বিএজিএমএ) বার্ষিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পরবর্তীতে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম বলেন, "বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান ভিত্তি এখন পোশাকশিল্প। এই শিল্পের সূচনা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ে হয়েছিল। তাঁর হাত ধরে শুরু হওয়া এই শিল্প আজ দেশের অর্থনীতির অন্যতম বড় শক্তিতে পরিণত হয়েছে।"

পোশাকশিল্পের ওপর ভিত্তি করে বাংলাদেশের অগ্রযাত্রার কথা উল্লেখ করে তিনি বলেন, "তবে বিগত সময়ে দেশের বিপুল সম্পদ পাচারসহ নানা কারণে অর্থনীতি বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। একটি দুর্বল অর্থনীতিকে পুনরুদ্ধার করে শক্তিশালী অবস্থানে নিয়ে যাওয়া কঠিন কাজ। তবে সম্মিলিত প্রচেষ্টায় তা সম্ভব।"

নতুন সম্ভাবনার পথে এগিয়ে যেতে দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন ও সৃজনশীল অর্থনীতির বিকাশের ওপর গুরুত্বারোপ করেন স্থানীয় সরকারমন্ত্রী। তিনি মনে করেন, পোশাকশিল্পে দক্ষ ব্যবস্থাপনা এবং প্রশিক্ষিত জনবল তৈরির উদ্যোগ এই খাতের সক্ষমতাকে আরও বৃদ্ধি করবে।

বেসরকারি খাতের বিকাশ ও শিল্পায়নের বিষয়ে মির্জা ফখরুল ইসলাম বলেন, "কর্মসংস্থান সৃষ্টি, শিল্পায়ন ও বেসরকারি খাতের বিকাশে সরকার সহযোগী ভূমিকা পালন করবে। উদ্যোক্তাদের বিনিয়োগ, উৎপাদন ও উদ্ভাবনের সুযোগ তৈরি করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।"

পাশাপাশি পোশাকশিল্পের বর্তমান প্রতিবন্ধকতাগুলো তুলে ধরে তিনি বলেন, "বিদ্যুৎ-গ্যাস সংকট এবং উচ্চ সুদের হার উদ্যোক্তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে উদ্যোগ নেওয়া হবে।"

অনুষ্ঠানে উপস্থিত খাত-সংশ্লিষ্টরা পোশাকশিল্পের সম্ভাবনা, চ্যালেঞ্জ, দক্ষতা উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।