রাজধানীতে ডেঙ্গুর প্রকোপ কমাতে এবং নাগরিকদের সচেতনতা বৃদ্ধিতে মাসব্যাপী বিশেষ প্রতিরোধমূলক কার্যক্রম শুরু করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এবং গুলশানের বাসিন্দাদের সংগঠন গুলশান সোসাইটি। আজ শুক্রবার বিকেলে গুলশানের বিচারপতি সাহাবুদ্দীন আহমদ পার্কে এই যৌথ উদ্যোগের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আয়োজকদের পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই মাসব্যাপী কর্মসূচির আওতায় প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ, পাড়া-মহল্লা এবং বস্তি এলাকায় ব্যাপক সচেতনতামূলক প্রচারণা চালানো হবে। প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন স্থানে ব্যানার, পোস্টার এবং লিফলেট বিতরণ করা হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে গুলশান সোসাইটির সভাপতি ওমর সাদাত বলেন, ‘পৃথিবীর সবখানেই মশা আছে। কিন্তু মশার কামড়ে আমাদের দেশের মতো এত মানুষের মৃত্যু আর কোথাও হয় না।’

অসচেতনতা ও দায়িত্বহীনতাকে এসব মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘সচেতনতা ও দায়িত্বশীলতার মাধ্যমে আমরা এসব মৃত্যু এড়াতে পারি।’

মশা নিয়ন্ত্রণ বা ডেঙ্গু প্রতিরোধ কোনো নির্দিষ্ট সময়ের কাজ নয় বলে মনে করেন গুলশান সোসাইটির সভাপতি। তিনি জানান, এই লক্ষ্যে গুলশান সোসাইটি বছরব্যাপী তাদের কার্যক্রম অব্যাহত রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে গুলশান সোসাইটির মহাসচিব মজিবুর রহমান মৃধা, সহসভাপতি আবদুল মাজেদসহ ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।