বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ পরীক্ষা করে দেখা হচ্ছে বলে জানিয়েছে ভারত। শুক্রবার দিল্লিতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সোয়াল এই তথ্য নিশ্চিত করেন।
ব্রিফিং চলাকালীন এক সাংবাদিক প্রশ্ন করেন, “আমরা জানতে পারছি, শেখ হাসিনা ও অন্য অভিযুক্ত ব্যক্তিদের প্রত্যর্পণের জন্য বাংলাদেশ আবারও ভারতকে অনুরোধ করেছে। এ বিষয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না। তা ছাড়া শেখ হাসিনা নিজেই ডিসেম্বরে দেশে ফেরার ঘোষণা দিয়েছেন। তাই বিষয়টি নিয়ে দুই দেশের মধ্যে কোনো যোগাযোগ হয়েছে কি না।”
এর জবাবে রণধীর জয়সোয়াল বলেন, “আমরা প্রত্যর্পণের জন্য একটা অনুরোধ পেয়েছি। যেমনটি আমরা আগে বলেছিলাম, অনুরোধটি পরীক্ষা করে দেখা হচ্ছে। সংশ্লিষ্ট আইনগত ও বিচারিক প্রক্রিয়ার আলোকে অনুরোধটি বিবেচনা করা হবে।”
একই অনুষ্ঠানে বাংলাদেশের করা অন্য এক ব্যক্তির প্রত্যর্পণের অনুরোধ নিয়ে প্রশ্ন করা হয়। ওই সাংবাদিক জানান, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্যমতে, একজন অভিযুক্ত ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য ভারতীয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় সব কাগজপত্র পাঠানো হয়েছে। ওই ব্যক্তি বর্তমানে ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন এবং তাঁর বিরুদ্ধে বাংলাদেশে নির্বাচনের প্রাক্কালে এক রাজনীতিবিদকে হত্যার অভিযোগ রয়েছে। এই বিষয়ে ভারতের বর্তমান অবস্থান জানতে চাওয়া হয়।
প্রশ্নের উত্তরে রণধীর জয়সোয়াল জানান, এ বিষয়ে তাঁর কিছু জানা নেই। তবে তিনি পুনরায় উল্লেখ করেন যে, প্রত্যাবর্তনের যেকোনো অনুরোধ আইনগত বিষয় ও বিচারপ্রক্রিয়া খতিয়ে দেখে সিদ্ধান্ত নেওয়া হয়ে থাকে।