৫ বলে ৫ ছক্কা—এই কীর্তির কথা স্মরণ করিয়ে দিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। ২০১৭ সালে পচেফস্ট্রুমে বাংলাদেশের পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনকে দুঃস্বপ্ন উপহার দিয়েছিলেন দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে বাংলাদেশের বোলারদের টানা ছক্কা খাওয়ার রেকর্ড এটিই।

সেই সাইফউদ্দিনই আজ বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে টানা ছক্কা মারার রেকর্ড গড়ে ফেললেন। জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে দ্বিতীয় টি-টুয়েন্টিতে টানা ৪ বলে ছক্কা মেরেছেন সাইফউদ্দিন।

দুই ওপেনার ১০০ পেরোনোর পর ১৩ বলের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে বাংলাদেশ কিছুটা চাপে পড়ে। তখন ১৫০ হবে কি না—এ নিয়েই তৈরি হয় সংশয়। তবে ইয়াসির আলীকে সঙ্গে নিয়ে রানটা স্থির জায়গায় নিয়ে যান সাইফউদ্দিন। ইভান্সের করা শেষ ওভারেই তিনি টানা ৪ ছক্কার মাধ্যমে ম্যাচের গতিপথ বদলে দেন।

শেষ ওভারের শুরুতে ইভান্স লো ফুলটস দেন; স্কয়ার লেগের ওপর দিয়ে ছক্কা মারেন সাইফউদ্দিন। পরের বলটা মিড উইকেটের ওপর দিয়ে সীমানাছাড়া করেন তিনি। ইভান্সের করা শর্ট লেন্থের তৃতীয় বলে ফাইন লেগের ওপর দিয়ে ছক্কা মারেন সাইফউদ্দিন। আর চতুর্থ বলটা ছক্কা মারেন মিড উইকেটের ওপর দিয়ে।

এর আগে বাংলাদেশের কোনো ব্যাটসম্যানের টি-টুয়েন্টিতে টানা ৪ ছক্কা মারার রেকর্ড ছিল না। ১০ বলে ৩১ রান করে অপরাজিত থাকেন সাইফউদ্দিন। পুরো ২০ ওভার খেলে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে ১৮৬ রান তুলেছে।

আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে ছয় বলে ছয় ছক্কার রেকর্ডও অবশ্য আছে। দুবার এমন ঘটনা ঘটিয়েছেন নেপালের দীপেন্দ্র সিং ঐরী। একবার করে টানা ৬ বলে ছক্কা আছে কাইরন পোলার্ড ও যুবরাজ সিংয়ের।