যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে আর মাত্র দুই দিন পরেই অনুষ্ঠিত হতে যাচ্ছে বিশ্বকাপের ফাইনাল। তবে আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার এই শিরোপা লড়াইয়ের আগে নতুন উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে বায়ুদূষণ। কানাডায় ভয়াবহ দাবানলের ফলে সৃষ্ট ধোঁয়ায় নিউইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলের বাতাসের মান উদ্বেগজনক পর্যায়ে নেমে এসেছে।

বায়ুদূষণের এই পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিউইয়র্ক প্রশাসন ইতিমধ্যে জরুরি স্বাস্থ্যসতর্কতা জারি করেছে। তবে এখন পর্যন্ত দুই ফাইনালিস্ট দলের প্রস্তুতিতে এর কোনো প্রভাব পড়েনি। বৃহস্পতিবার উত্তর নিউ জার্সির ইস্ট হ্যানোভারে অনুশীলন করেছে লুইস দে লা ফুয়েন্তের স্পেন দল। অন্যদিকে, আটলান্টায় শেষ অনুশীলন শেষ করে আর্জেন্টিনা দল ইতিমধ্যে নিউ জার্সিতে পৌঁছে গেছে।

আইকিউএয়ারের তথ্যমতে, বৃহস্পতিবার বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় স্থান পেয়েছে শিকাগো, ডেট্রয়েট ও নিউইয়র্ক। কানাডার দাবানলের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রের উত্তর ও মধ্য-পশ্চিমাঞ্চলের বেশ কিছু অঙ্গরাজ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। একই সাথে নিউইয়র্কসহ উত্তর-পূর্বাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে।

পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে নিউইয়র্ক সিটির জরুরি ব্যবস্থাপনা বিভাগ জানিয়েছে, ২০২৩ সালের পর এটিই হতে পারে শহরের ধোঁয়ার সবচেয়ে বড় ঘটনা। পরিস্থিতি আরও অবনতি হয় কি না, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে।

এক সংবাদ সম্মেলনে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নগরবাসীকে সতর্ক করে বলেন, ‘কানাডার দাবানলের ধোঁয়া আমাদের শহরের ওপর এসে পড়েছে। বাতাসের মান এমন পর্যায়ে পৌঁছেছে যে সবারই স্বাস্থ্যঝুঁকি রয়েছে। দয়া করে আজ কেউ বাইরে দৌড়াতে বা জগিং করতে যাবেন না।’

এই উদ্ভূত পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন মাস্ক বিতরণ শুরু করেছে। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে দূষণবিশেষজ্ঞ মাইকেল পেট্রোনি পরিস্থিতির ভয়াবহতা বর্ণনা করে বলেন, ‘বর্তমানে নিউইয়র্কের বাতাসে শ্বাস নেওয়া আর দিনে ১০টি সিগারেট খাওয়া একই কথা।’

উল্লেখ্য, ২০২৩ সালে কানাডার দাবানলের ধোঁয়ায় নিউইয়র্কের আকাশ কমলা রং ধারণ করেছিল এবং সে সময় শহরের বায়ুর মান সূচক (এএকিউআই) ৪৬৫-এ পৌঁছেছিল। যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ) জানিয়েছে, চলতি সপ্তাহে মিডওয়েস্ট অঞ্চলের কয়েকটি স্থানে বায়ুদূষণের মাত্রা ২০২৩ সালের সেই রেকর্ডকেও ছাড়িয়ে গেছে। সেই অভিজ্ঞতার পুনরাবৃত্তির আশঙ্কার মধ্যেই এখন বিশ্বকাপ ফাইনালের অপেক্ষায় নিউইয়র্ক ও নিউ জার্সি।

বাংলাদেশ সময় রোববার রাত ১টায় ২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হবে স্পেন ও আর্জেন্টিনা।