চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীসহ বেশ কয়েকজন নেতা-কর্মী মঞ্চ ভেঙে পড়ার মুখে পড়েন। আজ শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে চন্দনাইশ উপজেলার দোহাজারীতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ ও সাতকানিয়া আংশিক) আসনের সংসদ সদস্য জসিম উদ্দিনের উদ্যোগে এই ত্রাণ বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। অর্থমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছানোর আগেই মঞ্চে স্থানীয় নেতা-কর্মীদের ব্যাপক ভিড় জমে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাইকে বেশ কয়েকবার মঞ্চ থেকে নেমে যাওয়ার অনুরোধ জানানো হয়। তবে অর্থমন্ত্রী আসার পর তাঁর সঙ্গে আরও কিছু নেতা-কর্মী মঞ্চে উঠলে ধারণক্ষমতার অতিরিক্ত চাপে হঠাৎ মঞ্চটি ভেঙে পড়ে। এই ঘটনার পর ভাঙা মঞ্চটিতে দাঁড়িয়েই পাশে থাকা কয়েকজন ব্যক্তির হাতে ত্রাণ তুলে দিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করেন অর্থমন্ত্রী।
মঞ্চে উপস্থিত চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া জানান, অতিরিক্ত মানুষের চাপে এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘আমি নিজেও ঘোষণা দিয়েছে মঞ্চে বেশি মানুষ না ওঠার জন্য। মানুষের ভারে মঞ্চ ভেঙে গেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হননি।’
ঘটনা প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুর রহমান মুক্তকণ্ঠকে বলেন, "মঞ্চ ভেঙে পড়লেও কেউ সেখান থেকে নিচে পড়ে যাননি। পরে ভেঙে যাওয়া মঞ্চটিতে দাঁড়িয়েই ত্রাণ বিতরণ করেন অর্থমন্ত্রী।"






