রাজধানীর ডেমরায় পুলিশ লাইনসের (পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট-পিওএম, পূর্ব) এক পুলিশ কনস্টেবলের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত সদস্যের নাম সাইদুল ইসলাম (২১)।
পুলিশের ডেমরা অঞ্চলের একজন কর্মকর্তা মুক্তকণ্ঠকে জানান, পিওএম ভবনের সপ্তম তলার একটি কক্ষে অন্তত পাঁচজন পুলিশ সদস্য অবস্থান করেন। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত ১২টার দিকে একজন পুলিশ সদস্য লক্ষ্য করেন যে, কক্ষটির ভেতর থেকে ছিটকিনি লাগানো। ওই সময় অন্য সদস্যরা বাইরে ডিউটিতে থাকলেও সাইদুল কক্ষের ভেতর একা ছিলেন। বিষয়টি দ্রুত ডেমরা থানায় জানানো হলে পুলিশ এসে দরজা ভেঙে সাইদুলকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় চাদর প্যাঁচানো অবস্থায় ঝুলন্ত অবস্থায় দেখতে পায়।
তাঁকে দ্রুত উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। তবে অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হলে চিকিৎসক সাইদুলকে মৃত ঘোষণা করেন।
ঘটনা প্রসঙ্গে পুলিশের ওই কর্মকর্তা বলেন, "ঘটনার আলামত ও পারিপার্শ্বিক অবস্থা দেখে ঘটনাটি আত্মহত্যা বলে মনে হচ্ছে।"
হাসপাতালে উপস্থিত সাইদুল ইসলামের চাচা মো. সোহাগ সাংবাদিকদের জানান, "সাইদুলের বাড়ি ফেনী সদর উপজেলার লেমুয়া উত্তর চাঁদপুরে। ৯ মাস আগে তিনি পুলিশ কনস্টেবলের চাকরি পান।"
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের পরিদর্শক মো. ফারুক জানিয়েছেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে।






