ভারতের উত্তর প্রদেশের প্রয়াগরাজে (সাবেক এলাহাবাদ) এক তরুণ ও তরুণীর আত্মহত্যার চেষ্টার খবর সামনে এসেছে। একসঙ্গে সেতুতে গেলেও শেষ মুহূর্তে কেবল তরুণটি নদীতে ঝাঁপ দেন, আর তাঁর সঙ্গে আসা তরুণীটি ঘটনাস্থল ছেড়ে চলে যান। সামাজিক যোগাযোগমাধ্যমে এই ঘটনার ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

গতকাল বৃহস্পতিবার প্রয়াগরাজের নিউ যমুনা ব্রিজ থেকে যমুনা নদীতে ঝাঁপ দেন আন্নু গুপ্ত নামের ওই তরুণ। প্রত্যক্ষদর্শীদের দাবি, ওই তরুণী আন্নুর সঙ্গে সেতুতে এসেছিলেন এবং দুজনই আত্মহত্যার উদ্দেশ্যে সেখানে গিয়েছিলেন। তবে আন্নু নদীতে ঝাঁপ দেওয়ার পরপরই ওই তরুণী হেঁটে ঘটনাস্থল ছেড়ে চলে যান। শেষ মুহূর্তে ঠিক কী ঘটেছিল, তা এখনো জানা যায়নি।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ডুবুরিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। দীর্ঘ প্রচেষ্টার পর তাঁরা আন্নুকে নদী থেকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন। পুলিশের ধারণা, আন্নু ও ওই তরুণী পরস্পর প্রেমিক-প্রেমিকা।

পুলিশ জানিয়েছে, আন্নু বর্তমানে শঙ্কামুক্ত। উদ্ধারের পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষে তাঁকে তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে পুলিশ। একই সঙ্গে আন্নুর সঙ্গে থাকা ওই তরুণীকে শনাক্ত করে খুঁজে বের করার চেষ্টা চলছে। পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, সবদিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতেই পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়া হবে।