গতকাল বৃহস্পতিবার লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে উপস্থিত ছিলেন বলিউড সুপারস্টার আমির খান। সেখানে তাঁর ছবি ‘লগান’-এর বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়। ছবিটির মুক্তির ২৫ বছর পূর্তি উপলক্ষে আমির খান ওই সময়কার স্মৃতিও ভাগ করে নেন এবং দর্শকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে তিনি ‘থ্রি ইডিয়টস’–সংক্রান্ত একটি আলোচিত বিষয় নিয়েও কথা বলেন।
ইতিমধ্যে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে বলা হচ্ছে, ‘থ্রি ইডিয়টস’ ছবির ‘র্যাঞ্চো’ চরিত্রটি নাকি সোনম ওয়াংচুক থেকে অনুপ্রাণিত। লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালে আমির খানকে এই প্রসঙ্গেই প্রশ্ন করা হয়। একই সঙ্গে সোনম ওয়াংচুকের চলমান অনশন নিয়েও তাঁর মতামত জানতে চাওয়া হয়।
‘কেউই সোনমজিকে চিনতাম না’
লন্ডন ইন্ডিয়ান ফিল্ম ফেস্টিভ্যালের আসরে আমির খান ‘র্যাঞ্চো’ চরিত্রটি সম্পর্কে স্পষ্ট করে বলেন, ‘না, এটা সত্য নয়। এটি একটি ভুল ধারণা। আমরা যখন “থ্রি ইডিয়টস” বানাচ্ছিলাম, তখন আমি সোনমজির সম্পর্কে জানতাম না। সম্প্রতি আমি “চতুর”-এর (ওমি বৈদ্য) একটি ভিডিও দেখেছি, যেখানে তিনি এমন কথা বলেছেন, কিন্তু তিনি ভুল বলেছেন।’ এই বলিউড সুপারস্টার আরও বলেন, ‘হতে পারে তিনি এমনটা মনে করেন, কিন্তু আমি পরিষ্কার করে বলতে চাই, এ ছবির দুই লেখক রাজু (রাজকুমার হিরানি) ও অভিজাত (যোশী) আর আমাদের মধ্যে কেউই সেই সময় সোনমজিকে চিনতাম না।’
সোনম ওয়াংচুকের কাজের প্রশংসায় আমির খান বলেন, ‘তবে সোনমজি যে কাজ করছেন, তা অত্যন্ত ভালো। তাঁকে সম্মান করার জন্য জরুরি নয় যে “থ্রি ইডিয়েটস” ছবির কোনো চরিত্র তাঁর দ্বারা অনুপ্রাণিত হতে হবে। আমি শুধু সত্যিটা পরিষ্কার করতে চেয়েছি।’
‘স্বাস্থ্য ও জীবন নিয়ে খুবই উদ্বিগ্ন’
এরপর সোনম ওয়াংচুকের স্বাস্থ্যের অবনতিজনিত উদ্বেগ সম্পর্কেও প্রশ্ন করা হয় আমির খানকে। দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসে আছেন সোনম ওয়াংচুক—এ অবস্থায় ইতিমধ্যে অনশনের ১৯ দিন পার হয়ে গেছে। এ বিষয়ে আমির খান বলেন, ‘আমরা সবাই তাঁর স্বাস্থ্য ও জীবন নিয়ে খুবই উদ্বিগ্ন। আমরা প্রার্থনা করি, সবকিছু যেন ঠিকঠাক হয়। আমরা সবাই আশা করছি, তিনি যেন তাঁর অনশন শেষ করেন।’
লাদাখের সুপরিচিত প্রকৌশলী, উদ্ভাবক ও শিক্ষাসংস্কারক সোনম ওয়াংচুক সিজেপির (ককরোচ জনতা পার্টি) আন্দোলনের সঙ্গে যুক্ত রয়েছেন। তিনি ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসে আছেন। সিজেপির প্রধান দাবি, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সম্প্রতি নিট, সিবিএসই, কুয়েট এবং এসএসসি পরীক্ষাকে ঘিরে বিতর্ক ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরেই এ দাবি উঠেছে। প্রশ্নপত্র ফাঁসের কারণে সারা দেশের লাখ লাখ শিক্ষার্থী সমস্যার মুখে পড়েছেন। শুধু তা-ই নয়, প্রবল মানসিক চাপে কয়েকজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও সামনে এসেছে, যা এ ইস্যুকে আরও গুরুতর করে তুলেছে।
‘আইস স্তূপ’ নির্মাণের জন্য পরিচিত ওয়াংচুক র্যামন ম্যাগসাইসাই পুরস্কারপ্রাপ্তও। ওয়াংচুকের দাবি, শিক্ষাব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি তাঁর অনশন চালিয়ে যাবেন।