ঢাকার একটি ক্লাবে সম্প্রতি ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন করেছে ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স পিএলসি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে কোম্পানিটি এই তথ্য নিশ্চিত করেছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশনের (বিআইএ) সভাপতি ও সংসদ সদস্য সাঈদ আহমেদ। ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মো. কাজিম উদ্দিন। প্রতিষ্ঠানের আর্থিক পরিস্থিতি ও চিত্র বিস্তারিতভাবে তুলে ধরেন প্রধান অর্থ কর্মকর্তা ও উপব্যবস্থাপনা পরিচালক প্রবীর চন্দ্র দাস।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোম্পানির পরিচালক মতিউর রহমান, এ এস এম মাঈনউদ্দিন মোনেম, রাজিয়া সুলতানা, মামুনুর রশীদ, বিলকিস নাহার ও মো. মাসুদ হোসেন। পাশাপাশি এনএলআই সিকিউরিটিজের চেয়ারম্যান রেদওয়ান হোসেন এবং পরিচালক মাহমুদ হাবিব জামানসহ ঊর্ধ্বতন নির্বাহীরা এতে অংশ নেন। এছাড়া সারা দেশ থেকে কোম্পানির প্রায় দুই হাজার উন্নয়ন কর্মী এবং বিমাশিল্প ও আর্থিক খাতের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এই বিশেষ অনুষ্ঠানে ৫ কোটি ৭৫ লাখ টাকার বিমা দাবির চেক হস্তান্তর করা হয়। সেই সঙ্গে সফল বিমাকর্মীদের পাশাপাশি শ্রেষ্ঠ এরিয়া ও জোন প্রধানদের মধ্যে গোল্ড মেডেল এবং বিশেষ প্রণোদনা পুরস্কার বিতরণ করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয় যে, কর্মকর্তাদের অনুপ্রাণিত করে কোম্পানির ব্যবসায়িক উন্নয়ন নিশ্চিত করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে দাবি পরিশোধের প্রক্রিয়া ত্বরান্বিত করা এবং করপোরেট সুশাসন পরিপালনের বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করা হয়।